জাতিসংঘের সহকারী মহাসচিব আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু চার দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। বাংলাদেশে এটি তাঁর তৃতীয় সফর। ইউএনডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

জাতিসংঘের সহকারী মহাসচিবের আজ ঢাকায় পৌঁছানোর পর ইউএনডিপির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। তিনি ২৬ এপ্রিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৬’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কূটনীতিক ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন হাওলিয়াং জু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দ্রুতগতিতে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে। ইউএনডিপির সঙ্গে বাংলাদেশের রয়েছে ৪০ বছরের সহায়তার সম্পর্ক। সেই সম্পর্ককে বাংলাদেশের রূপান্তরে আরও দৃঢ়ভাবে কী করে কাজে লাগানো যায় এমন বিষয়গুলো সহকারী মহাসচিবের সফরে প্রাধান্য পাবে। এ ছাড়া সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা ও রূপকল্প-২০২১-এর সঙ্গে জাতিসংঘের নতুন পাঁচটি কৌশলগত পরিকল্পনা কীভাবে সম্পৃক্ত হতে পারে তার পন্থাও এ সফরে তিনি খুঁজে বের করার চেষ্টা করবেন।

সফরকালে হাওলিয়াং জু সিরাজগঞ্জে ইউএনডিপির সহায়তাপুষ্ট ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেজিপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

হাওলিয়াং জু ১৯৯৫ সালে জাতিসংঘে যোগ দেন। তিনি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ এবং কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস অঞ্চলে কাজ করেছেন। গত বছরের নভেম্বরের শুরুতে তিনি ঢাকা সফর করেছিলেন।