জাতিসংঘের সহকারী মহাসচিব আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ১০ মে ঢাকায় আসছেন। এ সফরের সময় জাতিসংঘের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে জানান, এ সফরের সময় অস্কার ফার্নান্দেজ তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করবেন। ওই কর্মকর্তা আরও জানান, নির্বাচন-পূর্ব পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলার পাশাপাশি জাতিসংঘের আর্থিক সহায়তায় পরিচালিত নির্বাচন কমিশনের কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখবেন অস্কার ফার্নান্দেজ তারানকো। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে গত সপ্তাহে আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেতার কাছে চিঠি পাঠিয়েছেন।প্রসঙ্গত, গত ছয় মাসের মধ্যে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আসছেন।গত বছরের ৬ থেকে ৯ ডিসেম্বর ঢাকা সফরের সময় অস্কার ফার্নান্দেজ তারানকো নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে গঠনমূলক সংলাপের তাগিদ দিয়েছিলেন। চার দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মাঝে গঠনমূলক সংলাপ অত্যন্ত জরুরি।