সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘ ইতিমধ্যেই সহায়তা দিতে সম্মতি জানিয়েছে। শিগগিরই জাতি–সংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপি এবং মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএ থেকে একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে বলে জাতিসংঘের ঢাকা কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এ ব্যাপারে একটি চিঠি জাতিসংঘ বাংলাদেশ কার্যালয়ে পাঠানো হয়েছে। এর আগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়। তবে নিয়ম অনুযায়ী, ইআরডির অনুরোধ ছাড়া এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক সহায়তা চাওয়া যায় না। গত সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইআরডি জাতিসংঘের কাছে সহায়তা চেয়ে চিঠি দেয়।
জানতে চাইলে বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সুন্দরবনে তেল দুর্ঘটনায় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সমন্বয়ক খন্দকার রাকিবুর রহমান জাতিসংঘের কাছে সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা সুন্দরবনের তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে জাতীয়ভাবে উদ্যোগ নিয়েছি। ক্ষয়ক্ষতি নিরূপণে সরকারের বিভিন্ন বিভাগের গবেষকদের সমন্বয়ে একটি দল কাজ করছে।’
জাতিসংঘ ঢাকা কার্যালয়ের একজন পদস্থ কর্মকর্তা জানান, সুন্দরবন বিষয়ে সরকারের সহায়তা চাওয়ার বিষয়টি ইতিমধ্যে জাতিসংঘের ইউএনইপি ও ওসিএইচএ পরিবেশগত ইউনিটকে জানানো হয়েছে। পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় গঠিত এই বিশেষ ইউনিট থেকে ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে সহযোগিতা দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
ইউএনইপি ও ওসিএইচএ পরিবেশগত ইউনিটের এনভায়রনমেন্টাল ইমারজেন্সি ইউনিট থেকে একটি বিশেষজ্ঞ দল গঠন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জাতিসংঘ ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে। এই দল তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের কী ধরনের ক্ষতি হলো, তা মোকাবিলায় কী করা যেতে পারে, তা নির্ধারণ করবে। প্রাথমিকভাবে তারা পরিবেশগত ক্ষয়ক্ষতি কমানো এবং তেল নিঃসরণ নিয়ন্ত্রণের উপায় নিয়ে একটি গবেষণা করে সরকারকে এ ব্যাপারে সুপারিশ দেবে।
বন বিভাগ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের পানিতে ছড়িয়ে পড়া তেল তুলে আনা সম্ভব হচ্ছে। তবে বনের ভেতরে ও গাছে যে তেলগুলো লেগে আছে, তা অপসারণ করা যাচ্ছে না। গতকাল সকাল থেকে বনের বিভিন্ন স্থানের গাছে বন বিভাগের কর্মীরা হোস পাইপ দিয়ে গাছ থেকে তেল অপসারণের চেষ্টা করেন। দুপুর পর্যন্ত চেষ্টা করেও তেল অপসারণ করা যায়নি। এ ছাড়া বনের খাঁড়ি বা খালগুলোর ভেতর থেকে তেল অপসারণ করার জন্য যথেষ্ট কারিগরি সহায়তা এবং লোকবল বন বিভাগের নেই।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ঢাকা কার্যালয় থেকে এরই মধ্যে বন বিভাগকে তাদের বিদ্যমান কার্যক্রমে সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সে ক্ষেত্রে তেল অপসারণের জন্য নৌকার পরিমাণ বাড়িয়ে দেওয়া, তেল অপসারণকারীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য গ্লাভস ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানা গেছে।
ইউএনইপি ও ওসিএইচএ পরিবেশগত ইউনিটের পরিবেশগত জরুরি ইউনিট থেকে এর আগে ২০০৭ সালে কোরিয়া উপকূলে তেল ছড়িয়ে পড়ার বিষয়ে সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দক্ষিণ সুদান, মিয়ানমার, মধ্য এশিয়া, ফিলিপাইনে পরিবেশগত এবং মানবিক বিপর্যয় বিষয়ে সহায়তা দেওয়া হয়।
৯ ডিসেম্বর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে শ্যালা নদীতে একটি জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন-৭ সাড়ে তিন লাখ লিটার তেল নিয়ে ডুবে যায়। এতে পূর্ব সুন্দরবনের ৩৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ে।