জাতিসংঘের সিডও কমিটিতে বাংলাদেশ নির্বাচিত
জাতিসংঘের নারীবৈষম্য বিলোপ-সংক্রান্ত ‘কমিটি অন দ্য ইলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওম্যান’ (সিইডিএডব্লিউ-সিডও) কমিটির নির্বাচনে বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান।২০১১-২০১৪ পর্যন্ত চার বছরের জন্য এ কমিটির সদস্য হবেন ইসমাত জাহান। ১৮৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সর্বোচ্চ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন ইসমাত জাহান। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে জাপান। ১২ সদস্য বিশিষ্ট সিডও কমিটির অপর ১০টি নির্বাচিত দেশ হচ্ছে: তুরস্ক, স্লোভেনিয়া, মিসর, সুইজারল্যান্ড, প্যারাগুয়ে, ক্রোয়েশিয়া, মরিশাস, তিমুর লেস্ত, ইসরায়েল ও আলজেরিয়া। এ বছর ২১টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের ৩২টি বিভিন্ন কমিটি, কমিশন, সংস্থা ও ককাসে সদস্য হিসেবে কাজ করছে।পেশাদার কূটনীতিক ইসমাত জাহান সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এবং যুক্তরাষ্ট্রের টাফ্ট বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল এবং ডিপ্লোম্যাসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো হিসেবেও কাজ করেছেন।