জাতিসংঘের সুপারিশ অনুমোদনে পার্বত্য চট্টগ্রাম কমিশনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির বাস্তবায়নসহ ওই অঞ্চলের আদিবাসীদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের বিশেষ একটি কমিটির সুপারিশ অনুমোদনে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে (ইকোসক) অনুরোধ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন।গতকাল শুক্রবার কমিশনের তিনজন কো-চেয়ার লর্ড এরিক এভেবরি, সুলতানা কামাল ও এলসা স্তামাতোপাউলু ইকোসকের সভাপতি লাজারাউস কাপাম্বিকে লেখা চিঠিতে এ অনুরোধ জানান। ইকোসকের কাছে পাঠানো ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সম্প্রতি আদিবাসীদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে অভিহিত করে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানানো হয়েছে। চিঠিতে কমিশন বলেছে, ‘আদিবাসীবিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামে (ইউএনপিএফআইআই) তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী হিসেবে অভিহিত করা ভুল ধারণার বহিঃপ্রকাশ হিসেবে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, আমরা তার বিরোধিতা করি। তিন পার্বত্য জেলার অধিবাসীদের সম্পর্কে তাঁর এ ধরনের বক্তব্য একদিকে যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে ওই মানুষগুলোর প্রতি তাঁর বৈষম্যমূলক ও অসম্মানজনক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ, তেমনি তা বাংলাদেশের আইন, ইতিহাস ও আন্তর্জাতিক মানবাধিকার আইন ভালোভাবে বুঝতে না পারার বহিঃপ্রকাশ। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিভঙ্গি ও জাতিগত কর্তৃত্বের পক্ষে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেটি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা বহু মত ও বৈচিত্র্যের যে মূল্যবোধের কথা বলেছে, তার লঙ্ঘন।’ কমিশন আরও মনে করে, দীপু মনির মন্তব্য থেকে এটাই প্রমাণিত হয়, তিন পার্বত্য জেলায় বসবাসকারী আদিবাসীদের ব্যাপারে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার এবং জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে সরকার যথেষ্ট আন্তরিক নয়। পাশাপাশি আইএলও সনদ-১০৭, মানবাধিকারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার ব্যাপারেও সরকারের অনীহা রয়েছে। তাঁর বক্তব্য থেকে এটাও প্রতীয়মান হয়, ইউএনপিএফআইআই শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগে সেনাসদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকার ব্যাপারটি খতিয়ে দেখতে যে সুপারিশ করেছে, তা বাংলাদেশ সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, চাকমা রাজা দেবাশীষ রায় সম্প্রতি দীপু মনির ওই বক্তব্যের বিরোধিতা করে যে প্রতিবাদ জানিয়েছেন, তা দেশের আদিবাসী জনগণ ও মূলধারার সুশীল সমাজের ব্যাপক সমর্থন পেয়েছে। ইকোসকের কাছে পাঠানো চিঠিতে পার্বত্য চট্টগ্রাম কমিশন বলেছে, ইউএনপিএফআইআই প্রতিবেদন সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফোরামের ১৬ সদস্যের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউএনপিএফআইআইয়ের ১৬ সদস্যের আটজন হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধিত্বকারী বিশেষজ্ঞ; অন্য আটজন সরকারি বিশেষজ্ঞকে মনোনীত করে থাকেন ইকোসকের সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম কমিশন ইউএনপিএফআইআইয়ের প্রতিবেদনপ্রণেতা লার্স অ্যান্ডার্স বায়েরের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিবেদনের সুপারিশের মধ্যে রয়েছে পার্বত্য চুক্তির বাস্তবায়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আগে বাংলাদেশের সেনাসদস্যরা মানবাধিকার লঙ্ঘন করেছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে না দেওয়া।