জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে অন্তত ছয়টি সংগঠন। আলাদা মানববন্ধনে সংগঠনগুলো রোহিঙ্গা নাগরিকদের ওপর চালানো গণহত্যা বন্ধ করতে আশু পদক্ষেপ নেওয়ার দাবি করে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় পৃথক মানববন্ধন থেকে এই দাবি করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নাফ নদীর তীরে নতুন কারবালা তৈরি হয়েছে। সেখানে রোহিঙ্গাদের আশ্রয় নেই, তারা আহত, ক্ষুধার্ত, গুলিবিদ্ধ ও বিবস্ত্র। তাদের কি মানবাধিকার নেই? বাংলাদেশ সরকারের যে দায়িত্ব পালন করার কথা, সরকার তা করেনি।’

মানববন্ধনে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে, সে সন্ত্রাস দমনে প্রতিবাদ করতে হবে। এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য দেন।

একই সময়ে আরেকটি মানববন্ধনে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এতে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, অং সান সু চি মিয়ানমারে বিকৃত উদাহরণ তৈরি করেছেন। যে দেশে তিনি সামরিক জান্তার বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামে লড়েছেনে, সেই দেশেই রোহিঙ্গাদের ওপর এমন গণহত্যা হচ্ছে।

‘শীর্ষ ওলামা মাশায়েখ ও বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ’ শীর্ষক ব্যানারে আরেকটি মানববন্ধনে বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন কয়েকটি ইসলামি দলের নেতারা। মানববন্ধনে ইসলামি দলগুলোর নেতারা আজ শুক্রবার দেশের মসজিদগুলোতে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করার আহ্বান জানান।

মানববন্ধনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাসেমী সরকারের উদ্দেশে বলেন, সীমান্ত খুলে দিন। রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করুন।

এদিকে বাংলাদেশ বার কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা নজিরবিহীন। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ বার কাউন্সিল আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিশুদের জন্য ফাউন্ডেশন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ মেস সংঘ (বিএমও) এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও কলরব সংগঠন পৃথক মানববন্ধন করে।