জাতিসংঘের হস্তক্ষেপ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতার কবল থেকে বাংলাদেশের সাধারণ জনগণের জীবন ও সম্পদ রক্ষায় জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে এশীয় হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)।
বাংলাদেশ সফররত জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্দেশে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) লেখা এক খোলা চিঠিতে কমিশন এ হস্তক্ষেপ কামনা করেছে।
চলমান অস্থিরতা ও সহিংসতায় গভীর উদ্বেগের কথা জানিয়ে চিঠিতে বলা হয়, বাংলাদেশ এখন গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সম্মুখীন। তারানকোর উদ্দেশে বলা হয়, ‘রাজধানী ঢাকায় পৌঁছানোর পর আপনি নিশ্চিতভাবেই পুড়ে যাওয়া যানবাহনের কঙ্কাল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখবেন। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিদিন সাধারণ মানুষ যে নিষ্ঠুর সহিংসতার মুখোমুখি হচ্ছে, তা আপনি দেখতে পাবেন। হাসপাতালগুলোতে শুনতে পাবেন অসংখ্য আহত নিরীহ লোকের চিৎকার; যারা প্রায়শই সুচিকিৎসা থেকেও বঞ্চিত।’ গত কয়েক সপ্তাহে গণপরিবহনে হামলায় বেশ কয়েকজনের হতাহত হওয়ার বিষয় উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, রাজধানীসহ দেশজুড়ে নিয়মিতভাবে হাতে তৈরি বোমা, পেট্রলবোমা ও অন্য বিস্ফোরক দ্রব্যের হামলায় খেটে খাওয়া মানুষ দগ্ধ হচ্ছে, মারা যাচ্ছে। চিঠিতে অভিযোগ করা হয়, পুলিশ, আধা সামরিক বাহিনী (বিজিবি) ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিরোধীদলীয় বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ছে। অবরোধে দেশের অন্যান্য অংশ থেকে ঢাকা আক্ষরিক অর্থে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
এ রকম পরিস্থিতিতে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় এবং দেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন।