জাতিসংঘের হস্তক্ষেপ দাবি ওআইসির বিশেষ দূতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা এবং কম্বোডিয়া ও রুয়ান্ডার মতো গণহত্যা রোধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন ওআইসির মিয়ানমারবিষয়ক দূত সৈয়দ হামিদ আলবার। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রোহিঙ্গাদের নিয়ে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের আগের দিন তিনি এ দাবি করলেন।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি জানান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মিয়ানমারবিষয়ক বিশেষ দূত হামিদ আলবার। তিনি মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা মুসলিমদের ত্রাণ-সহায়তা দিতে ওআইসি ও অন্যান্য সংগঠনকে নিরবচ্ছিন্নভাবে রাখাইনে কাজ করার অনুমতি দিতে মিয়ানমারকে অনুরোধ করার পরিকল্পনা করছে ৫৭টি মুসলিম দেশের জোট। হামিদকে উদ্ধৃত করে মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন গতকাল এ খবর প্রচার করেছে।
ইয়াঙ্গুনের কূটনৈতিক সূত্রগুলো গতকাল প্রথম আলোকে বলেছে, রাখাইনে এখন পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে সীমিত আকারে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব ত্রাণ রাখাইনের ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের কাছে পৌঁছানো হচ্ছে না বলে আন্তর্জাতিক সম্প্রদায় অভিযোগ করছে।
সূত্র বলেছে, আজ কুয়ালালামপুরে ওআইসির বিশেষ সভায় রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তাদের নাগরিকত্ব নিশ্চিত করা, তাদের জীবন ও জীবিকার নিশ্চয়তা দেওয়া এবং বাংলাদেশ থেকে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগে রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দেবে ঢাকা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সভায় গত ৯ অক্টোবর রাখাইনের সীমান্তচৌকিতে হামলার পর সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে তাদের প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা এবং মিয়ানমারের ভেতরে গৃহহীন হয়ে পড়া ১ লাখ ২০ হাজার রোহিঙ্গার পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় মদদে পরিচালিত হামলায় সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে মিয়ানমারভিত্তিক ৪০টির বেশি নাগরিক সংগঠন। সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে নিবন্ধিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক নাগরিক অধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের হস্তক্ষেপ কামনা
রাখাইনের পরিস্থিতিতে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ওআইসির মিয়ানমারবিষয়ক বিশেষ দূত হামিদ আলবার বলেন, ‘আমরা কম্বোডিয়া কিংবা রুয়ান্ডার মতো আরেকটি গণহত্যা দেখতে চাই না। আন্তর্জাতিক সম্প্রদায় শুধু দেখছে, আর কত লোক মারা গেছে। আমাদের অতীতের শিক্ষা আছে। অতীত থেকে দেখেশুনে যা আমরা করতে পারি, তা করা উচিত।’
তবে মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নির্যাতনের ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদনকে বারবার অস্বীকার করছে। মিয়ানমার সরকার মনে করে, রাখাইনে সংঘাত দেশটির অভ্যন্তরীণ বিষয়।
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউর দপ্তরের মুখপাত্র জ তে বলেছেন, মিয়ানমার যেহেতু মুসলিম রাষ্ট্র নয়, তাই ওআইসির বিশেষ সভায় যোগ দিচ্ছে না। তবে গত ডিসেম্বরে আসিয়ানের বৈঠকে মিয়ানমার স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতিসংঘ হস্তক্ষেপ করতে চাইলে রাখাইনের স্থানীয় লোকজনের অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়বে। কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এ নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং আমাদের দেশের সংঘাতময় পরিস্থিতি বোঝা উচিত।’