জাতীয় অধ্যাপক এম আর খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক ডা. এম আর খান
অধ্যাপক ডা. এম আর খান

বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খান আর নেই। গতকাল শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
সদালাপী ও মিষ্টভাষী এম আর খান কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁকে
চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হয়েছিল। গত দেড় মাস তিনি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি মেয়ে ম্যান্ডি করিম, তিন নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, এম আর খানের প্রথম জানাজা আজ রোববার সকাল সাড়ে ১০টায় সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে। দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে এবং সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে তাঁর মরদেহ। এরপর বেলা ২টা ৩০মিনিটে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতালে তাঁর জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক এম আর খানের (মোহাম্মদ রফি খান) জন্ম ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুরে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি পাস করার পর ১৯৪৪ সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন তিনি। এরপর তিনি যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিটিএমঅ্যান্ডএইচ (১৯৫৭), লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিসিএইচ (১৯৫৭), এডিনবরা থেকে এমআরসিপি (১৯৬২), ঢাকার পিজি (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে এফসিপিএস (১৯৭৪) এবং এডিনবরা থেকে এফআরসিপি (১৯৭৮) ডিগ্রি লাভ করেন।

এম আর খান ১৯৭৩ সালে পিজিতে (আইপিজিএমআর—ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড মেডিকেল রিসার্চ) শিশু স্বাস্থ্য ও চিকিৎসায় স্নাতকোত্তর ডিগ্রি কোর্স (এমসিপিএস, ডিসিএইচ ও এফসিপিএস) চালু করেন। তাঁর তত্ত্বাবধানে থেকে সাত শতাধিক ছাত্রছাত্রী শিশু স্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

পারিবারিক সূত্র ও অধ্যাপক এম আর খানের জীবনীমূলক গ্রন্থ জীবনের জলছবি থেকে জানা যায়, এম আর খান চাকরিজীবন শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে গড়ে তোলেন ডা. এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। দুস্থ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এ ট্রাস্টের মাধ্যমে তিনি নিরন্তর কাজ করে গেছেন। তাঁর উদ্যোগে গড়ে উঠেছে জাতীয় পর্যায়ের শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠা করেছেন শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। গড়ে তুলেছেন সাতক্ষীরা শিশু হাসপাতাল, যশোর শিশু হাসপাতাল, সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রসুলপুর উচ্চবিদ্যালয়, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা নার্সিং হোমসহ বহু প্রতিষ্ঠান। এ ছাড়া তিনি দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখেছেন, কাজ করেছেন ধূমপানবিরোধী আন্দোলনের সংগঠন ‘আধূনিক’-এর প্রতিষ্ঠালগ্ন থেকে। এসেন্স অব পেডিয়াট্রিকস, ড্রাগ থেরাপি ইন চিলড্রেন, এসেন্স অব এন্ডোক্রিনোলজি, আপনার শিশুর জন্য জেনে নিন, মা ও শিশুসহ তাঁর লেখা আটটি বই রয়েছে।

প্রতিষ্ঠানতুল্য এই মানুষটির জীবনী স্থান পেয়েছে কেমব্রিজ থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল হু ইজ হু অব ইন্টেলেকচুয়ালে। তিনি স্বাধীনতা পদক, একুশে পদক, আন্তর্জাতিক ম্যানিলা অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন।

শোক: জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শোকবার্তায় বলেছেন, এম আর খানের মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারাল। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেছেন, ‘এম আর খানের মৃত্যুতে জাতির, বিশেষ করে শিশুরোগ চিকিৎসার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।’

এম আর খানের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান প্রমুখ।