জাতীয় উদ্যোক্তা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে উদ্যোক্তা বাড়লে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বেকারত্ব কমবে। উদ্যোক্তানির্ভর অর্থনীতিই পাল্টে দেবে দেশের ভবিষ্যত্। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশের সম্ভাবনাময় ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় ‘জাতীয় উদ্যোক্তা সম্মেলন’ শুরু হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিম ইঞ্জিন আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহসভাপতি নেসার মাকসুদ খান ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির। টিম ইঞ্জিনের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া জুবেরি এতে স্বাগত বক্তব্য দেন। আয়োজকেরা জানান, সম্মেলন উপলক্ষে সারা দেশের ৩২ হাজার উদ্যোক্তা নাম নিবন্ধন করেন। সম্মেলনের স্লোগান, ‘আপনার সাফল্যই দেশের উন্নতি’। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের অর্থনীতির গতিশীলতার তিন কারণ—কৃষক, শ্রমিক ও উদ্যোক্তা। সেই বিবেচনাতেই সরকারের দিক থেকে নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করা হয়, ভবিষ্যতেও হবে। ভারতের হায়দরাবাদে হকারদের নিয়ে কাজ করা সমাজকর্মী ইলা ভাটকে দুই দশক আগে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে এসেছিলেন বলে স্মরণ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি তাঁকে বললাম বাংলাদেশে গ্রামীণ ব্যাংক একটি বিপ্লব সাধন করেছে। এর গ্রাহকেরা কেউ মিষ্টি বানায়, কেউ ছাগল পোষে, আবার কেউ দুধ উত্পাদন করে—এভাবে একেকজন একেক কাজ করে। দেখা গেল কাজের বিভাজন হচ্ছে। এটা ভালো। যেটা ইলা ভাটের ওই কার্যক্রমে ছিল না।’ অর্থমন্ত্রী বলেন, ‘ইলা ভাট তখন বললেন, ‘অদ্ভুত তো! যে যার কাজ করছে। কিন্তু একজন আরেকজনের পণ্যের গ্রাহক হচ্ছে, বাইরে থেকে চাহিদার দরকার পড়ছে না।’ উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বের ১২৮টি দেশে অনলাইনে সরাসরি সম্প্রচারিত হয়।