জাতীয় ওঁরাও শিক্ষা সম্মেলন সমাপ্ত
‘আমরা প্রতিদিন আমাদের গত দিনকে ছাড়িয়ে যেতে চাই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ওঁরাও শিক্ষা সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এর সমাপনী অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের মানুষের অধিকার রক্ষায় বর্তমান সরকারের বিকল্প নেই। সবার কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।
সমাবেশে দেশের বিভিন্ন এলাকার ওঁরাও জনগোষ্ঠীর পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে বাংলাদেশ ওঁরাও ছাত্রসংগঠনের সভাপতি প্রশান্ত কুমার কেরকেটার সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন, বাংলাদেশ ওঁরাও ছাত্র সংগঠনের উপদেষ্টা কুমুদ রঞ্জন কুজুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান, কুড়িগ্রামের ফুলবাড়ির ইউএনও দেবেন্দ্রনাথ ওঁরাও, জাতীয় ওঁরাও শিক্ষা সম্মেলনের আহ্বায়ক মিলন কুজুর, ওঁরাও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ সরকার প্রমুখ।