জাতীয় কবিকে ফুলে ফুলে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল পুরস্কার ২০১৩ পেলেন খিলখিল কাজী (বাঁয়ে) ও নাশিদ কামাল l ছবি: প্রথম আলো
নজরুল পুরস্কার ২০১৩ পেলেন খিলখিল কাজী (বাঁয়ে) ও নাশিদ কামাল l ছবি: প্রথম আলো

মৃত্যুদিনে জাতীয় কবিকে স্মরণ করল জাতি। গতকাল ছিল কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন সংগঠন এদিন কবির প্রতি শ্রদ্ধা জানাল। টেলিভিশন আর এফএম রেডিওতে বাজল নজরুলের গান। সারা দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে থাকল নজরুলকে কিংবা নজরুলের সাহিত্য নিয়ে নানা অনুষ্ঠান। আর ফুলে ফুলে ছেয়ে গেল তাঁর সমাধি। রাজধানীতে বৃষ্টি ছিল; কখনো ঝিরঝিরে, কখনো মুষলধারে। কিন্তু কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ তাতে বাধা পেল না। সেই সঙ্গে সমাধিস্থলে থাকল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে গতকাল সকাল থেকেই ভিড় করছিল সর্বস্তরের মানুষ। কবিপরিবারের পক্ষ থেকে কবির নাতনি খিলখিল কাজী সকাল সাতটায় কবির সমাধিতে দিলেন ফুল।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী আসাদুজ্জামান নূর নজরুলের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকাল সোয়া সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে কবির সমাধিতে পুষ্প অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। পরে কবির মাজার প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নজরুল গবেষক ও ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক বেগম আকতার কামাল বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌমিত্র শেখর। স্মরণসভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শোনান গান।
কবির সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
নজরুল পুরস্কার ২০১৩: দিনটিকে স্মরণ করে নজরুল ইনস্টিটিউট দিয়েছে ‘নজরুল পুরস্কার ২০১৩’। গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নজরুলচর্চায় বিশেষ অবদানের জন্য কবির নাতনি খিলখিল কাজী ও গবেষক-শিল্পী নাশিদ কামালকে দেওয়া হয় এ বছরের নজরুল পুরস্কার পদক।

কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নজরুলের লেখা পড়েই বড় হয়েছি। তাঁর কাছ থেকেই শিখেছি কীভাবে জেগে উঠতে হয়। আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন অনুষ্ঠানের সভাপতি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
‘খোল খোল গো আঁখি’ পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ। ‘তুমি চলে গেছো বলে কী গো’ গানটি গেয়ে শোনান শিল্পী সালাউদ্দিন আহমেদ। এ ছাড়া সমবেত কণ্ঠে নজরুল সংগীত পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম, সীমা ইসলাম ও শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ময়মনসিংহে কবিতা ও গানে স্মরণ: ময়মনসিংহ অফিস জানায়, কথা, কবিতা ও গানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কবির ৩৮তম প্রয়াণ দিবস উপলক্ষে দিনভর ছিল নানা কর্মসূচি।
বাদ জোহর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোওয়া মাহফিল।
বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কবির স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে কবির সৃষ্টিকর্ম ও জীবন নিয়ে হয় আলোচনা।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কাজী নজরুল ইসলামের সংগ্রামী জীবন ও অসাধারণ সৃষ্টিকর্মের প্রশংসা করে বক্তব্য দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।
সন্ধ্যার পর একই মঞ্চে শিক্ষার্থীরা কবির কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।
কুমিল্লায় ‘শিউলিমালা’: কুমিল্লায় গতকাল কবির প্রতিকৃতি ও ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কবিতাপাঠ, সংগীত, কুইজ প্রতিযোগিতা ও নাটক মঞ্চস্থ হয় বলে জানিয়েছেন কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক।
সকালে কবির স্মৃতিবিজড়িত ধর্মসাগরপাড়ের নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভের সামনে কবিতা পাঠ, সংগীত ও কুইজ প্রতিযোগিতা হয়। বিকেলে কুমিল্লা টাউন হলে আলোচনা সভা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের পরিবেশনায় নাটক শিউলিমালা মঞ্চস্থ হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, নজরুল স্মৃতিবিজড়িত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, কবিতা পাঠ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসন, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, নজরুল স্মৃতি পাঠাগার, নজরুলসংগীত পরিষদ ও কার্পাসাডাঙ্গা ইউনিয়ন পরিষদ যৌথভাবে দিবসটি পালন করে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিুজর রহমান।
উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ ও ১৯২৭ সালে দুই দফা সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন এবং দীর্ঘদিন অবস্থান করেন।