জাতীয় গ্রিড বিপর্যয় তদন্তে আরও সময় চাইবে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আহমেদ কায়কাউস। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আহমেদ কায়কাউস। ছবি: প্রথম আলো

জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে সারা দেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা তদন্তে আরও সময় চাইবে কমিটি। তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া তিন কার্যদিবসের আজ বুধবার শেষ দিন। কিন্তু এর মধ্যে সমস্যার কারণ শনাক্ত না হওয়ায় কমিটির পক্ষে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আহমেদ কায়কাউসের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। এর পরপরই কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্র জানায়, তদন্ত কমিটির সদস্যরা এসেই কেন্দ্রটি ঘুরে দেখেন। এরপর তাঁরা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমান এবং গ্রিড লাইন নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে গ্রিড বিপর্যয়ের আগের ও পরের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। ত্রুটি এড়ানোয় করণীয় সম্পর্কেও তাঁদের প্রশ্ন করা হয়। পরে তাঁরা দুপুর ১২টার দিকে কেন্দ্রটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

পরিদর্শন শেষ আহমেদ কায়কাউস বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) তদন্তের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করে বাড়তি সময় চাওয়া হবে। আগামী দিনে এ ধরনের সমস্যা এড়াতে গ্রিডের কোথায় কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে। এ ছাড়া ২০০৭ সালে গ্রিড বিপর্যয়ের পর মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়েছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত কমিটির প্রধান আরও বলেন, কী কারণে গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটেছে, এখনো শনাক্ত করা যায়নি। এ কারণে আরও কয়েকটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হবে।

১ নভেম্বর শনিবার জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে এ কেন্দ্রের সবকটি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।