জাতীয় গ্রিডে বিপত্তি কেন
বাংলাদেশে জাতীয় গ্রিড বন্ধ (ট্রিপ) হয়ে বিদ্যুৎ বিপর্যয় একেবারে বিরল নয়। ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত অসংখ্যবার নানা মাত্রায় ঘটনাটি ঘটেছে। তবে ছয়-সাত বছর ধরে গ্রিড বিপর্যয় প্রায় বিরল। এরপর গতকাল শনিবার যে মাত্রায় ঘটনাটি ঘটেছে, তাতে অতীতের সব জানা রেকর্ড ভঙ্গ হয়েছে বলে বিদ্যুৎ খাতের পেশাজীবীরা জানিয়েছেন।
প্রথম আলোকে পেশাজীবীরা বলেন, বিদ্যুৎব্যবস্থায় গ্রিড একটি অত্যন্ত স্পর্শকাতর অঙ্গ। গ্রিড বন্ধ হয়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটার অনেক কারণ আছে। অতি পুরোনো ও জরাজীর্ণ সঞ্চালন লাইনে (গ্রিড) যদি তার ধারণক্ষমতার অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চালন করা হয়, তাহলে গ্রিডের সার্কিট পুড়ে বিপর্যয় ঘটতে পারে। সঞ্চালন লাইনে যদি ছিদ্র দেখা দেয়, তা থেকে স্পার্ক করে গ্রিড বন্ধ হতে পারে।
বিদ্যুৎ সঞ্চালনের ফ্রিকোয়েন্সিতে হেরফের হলে গ্রিড বন্ধ হতে পারে। এমন আরও অনেক কারণ রয়েছে। এমনকি চালু বা সক্রিয় অবস্থায় সঞ্চালন লাইনে কোনো পাখি বসলে কিংবা কোনো গাছ বা গাছের ডালপালা ভেঙে পড়লেও গ্রিড বন্ধ হয়ে যেতে পারে।
এর যেকোনো একটি কারণের প্রয়োগ যত তীব্র হবে, বিপর্যয়ও হবে তত ব্যাপক। তবে যেকোনো দেশের জাতীয় গ্রিডের একটি প্রধান অংশ (ব্যাকবোন) থাকে। তার সঙ্গে যুক্ত থাকে একাধিক আঞ্চলিক গ্রিড। সে বিভক্তিগুলো আবার এক সুতায় গাঁথা থাকে। এর মধ্যে এমন কারিগরি ব্যবস্থা রয়েছে, যাতে জাতীয় গ্রিডের কোনো আঞ্চলিক অংশে উক্ত যেকোনো কারণে কোনো ত্রুটি দেখা দিলে বা বন্ধ হয়ে গেলে সম্পূর্ণ গ্রিড বন্ধ হবে না। তবে ব্যাকবোন বন্ধ হওয়ার কোনো কারণ ঘটলে তার প্রভাব সর্বব্যাপী হয়।
গতকাল কি তাহলে তেমন কোনো ঘটনাই ঘটেছিল? এর জবাবে জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা পিজিসিবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অভিজ্ঞ প্রকৌশলী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বলেন, গ্রিডে যে সমস্যা হয়েছিল, তা ঠিক। তবে কী কারণে, কী সমস্যা হয়েছিল তা পরীক্ষা-নিরীক্ষা না করে বলা সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশের কোনো পেশাজীবী বা কর্তৃপক্ষের পক্ষেই তা সম্ভব নয়। তাই এসব ক্ষেত্রে তদন্ত কমিটি করে সবকিছু পরীক্ষা করে দেখাই রীতি।
গতকালের ঘটনা সম্পর্কে কোনো না কোনোভাবে সাধারণের মধ্যে দুটি ভাষ্য ছড়িয়েছে। প্রথমত, বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তসঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, দেশের মধ্যে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ার পর ভারত থেকে বিদ্যুৎ আনা বন্ধ করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি নাশকতা হতে পারে বলে অনেকে ধারণা করেন। কিন্তু কিসের ভিত্তিতে তাঁরা এই ধারণা করছেন, তা কেউ বলতে পারছেন না।
ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট পেশাজীবীদের ভাষ্য থেকে যে বিষয়টি জানা যায় তা হলো, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় ভারত থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ নেওয়া যাচ্ছিল না। জাতীয় গ্রিডের সমস্যাই প্রথম কারণ। এই অবস্থায়, গ্রিড যখন নিতে পারছে না, তখনো যদি ভারতে থেকে সরবরাহ অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশ-ভারত সঞ্চালন লাইনটি ধ্বংস হয়ে যাওয়ার কথা। তাই বিদ্যুৎ আনা বন্ধ করা হয়।
এরপর সমগ্র প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করে উৎপাদন প্রায় ৫০০ মেগাওয়াটে উন্নীত করার পর, বিকেল সোয়া চারটায় আবার জাতীয় গ্রিড বন্ধ হয়ে যায়। পিজিসিবি, পিডিবি ও বেসরকারি খাতে কর্মরত পেশাজীবীদের অভিমত, জাতীয় গ্রিডেই সমস্যা ছিল। তবে তাঁরা একটি বিষয়ে একমত যে সমস্যা যা-ই হোক না কেন, তা হয়েছিল গ্রিডের ব্যাকবোনে এবং তার কেন্দ্রবিন্দু ছিল ভেড়ামারার গ্রিড উপকেন্দ্র, যার মাধ্যমে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হয়। তদন্তে বিষয়টি স্পষ্ট হবে।
গ্রিডে সমস্যা হলেও তার তীব্রতা নিয়ন্ত্রণের প্রযুক্তি রয়েছে। যেমন, বিদ্যুৎকেন্দ্রগুলোকে গ্রিডের সঙ্গে এমনভাবে যুক্ত করা যায়, যাতে গ্রিড বন্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎকেন্দ্রটি গ্রিড থেকে বিযুক্ত হয়ে যাবে। এর ফলে গ্রিড বন্ধ হলেও কেন্দ্রটি বন্ধ হবে না। গ্রিড মেরামতের সঙ্গে কেন্দ্রটি আবার গ্রিডের সঙ্গে যুক্ত করা যাবে। এই ব্যবস্থায় প্রাথমিক ব্যয় বেশি। কিন্তু গ্রিডে সমস্যার কারণে কখনোই বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না। দেশে এখন এ ব্যবস্থাটি সক্রিয় নেই।
বেলা ১১.২৭ মিনিট: কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় গ্রিডে প্রথম বিপর্যয়
বিকেল ৪.১৫ মিনিট: দ্বিতীয় বিপর্যয় ঘটে কারিগির ত্রুটি সারাতে গিয়ে