জাতীয় নির্বাচনে আমরা মুক্ত থাকব-গ্যারান্টি কোথায়? মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ কোন স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে বলেন, সরকার যাই বলুক তাঁদের অধীনে স্থানীয় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। কারণ নির্বাচনে কারচুপি করার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করেছে। প্রশাসনকে নানাভাবে ব্যবহার করেছে। মওদুদ অভিযোগ করেন, ‘গাজীপুরে নির্বাচনের আগে এম এ মান্নানের বিরুদ্ধে এনবিআরকে লাগিয়ে দেওয়া হয়। জাতীয় নির্বাচনে আমরা মুক্ত থাকব এর গ্যারান্টি কোথায়? এনবিআর, দুদককে বলা হবে তাঁদের (বিরোধী দল) বিরুদ্ধে মামলা দাও।’ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় মওদুদ আহমদ এই দাবি জানান। অগ্নি সেনা সংসদ নামের একটি সংগঠন ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং অন্তর্বর্তীকালীন সরকার’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। বিএনপি নেতা মওদুদ বলেন, সব স্থানীয় নির্বাচনে জিতলেও দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না। সে নির্বাচন হতেও দেওয়া হবে না। তিনি এই সংসদ অধিবেশনেই সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। দলীয় সরকারের অধীনে নির্বাচনের চিন্তা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মওদুদ বলেন, সরকার নির্বাচনের বিষয়ে অনড় থাকলে বিএনপি ঘরে বসে থাকবে না। মানুষ যাতে সে নির্বাচন প্রত্যাখ্যান করে সে ধরনের কর্মসূচি দেওয়া হবে। মওদুদ আহমদ বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের জোয়ারে সরকারের উন্নয়নের জোয়ার ভেসে গেছে। সরকার বিএনপিকে রাস্তায় আন্দোলন করতে না দিলেও জনগণ ‘নীরব ভোটের মাধ্যমে’ তাদের আন্দোলন সফল করে দিয়েছে। তিনি বলেন, ‘সরকার সব কিছু করলেও জনগণকে সুশাসন দিতে পারেনি। সে কারণেই এ সব নির্বাচনে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটেছে।’
এই সরকারকে রুগ্ণ দুর্বল উল্লেখ করে মওদুদ বলেন, সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে। এ সরকারের আর শক্তি নেই। শক্তি ফিরে পাওয়ার কোন সম্ভাবনাও নেই। শুধু পাঁচ সিটি নয়, সারাদেশেই সরকারের ভরাডুবি হবে।
‘গাজীপুর দ্বিতীয় গোপালগঞ্জ’ আওয়ামী লীগের নেতার এমন বক্তব্যের রেশ ধরে মওদুদ বলেন, ‘এই গোপালগঞ্জের অবস্থা যদি এমন হয় তাহলে ঐ নির্বাচনে ঐ গোপালগঞ্জের অবস্থা কি হবে ।’।
মওদুদ বলেন, কিশোরগঞ্জের উপনির্বাচনে যে নিদর্শন সরকার দেখিয়েছে তাতে বোঝা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচন কেমন হবে।
বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।