জাতীয় নির্বাচনে ধর্মের অপব্যবহার করলে প্রার্থিতা বাতিল: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, জাতীয় নির্বাচনে ধর্মের অপব্যবহার করলে প্রয়োজনে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। তিনি বলেন, ধর্ম ব্যবহার তো অপরাধ নয়। কিন্তু ধর্মকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা অপরাধ। এ বিষয়ে নির্বাচনী আইনে নিষেধাজ্ঞা আছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে নিজ কক্ষে সাংবাদিকদের শাহনেওয়াজ এ কথা বলেন।

সদ্য শেষ হওয়া পাঁচটি সিটির নির্বাচনের প্রার্থীদের অনেকেই ধর্মকে ব্যবহার করেছেন। এ নিয়ে মহাজোটের নেতাদের অনেকেই অভিযোগ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে নমনীয় আচরণ করেছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, কিছু সীমাবদ্ধতা থাকায় এবার তেমন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নির্বাচনে ধর্মকে ব্যবহার করে সুবিধা আদায় বা ধর্মকে আঘাত করে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। তবে জাতীয় নির্বাচনে এ ধরনের প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ নির্বাচনের বিদ্যমান আচরণবিধিতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে একই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের রয়েছে।