জাতীয় নির্বাচনেও মহিউদ্দিন চৌধুরী প্রার্থী হবেন না
জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শনিবার নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের চার আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
এর আগে গত বুধবার সিটি করপোরেশন নির্বাচনেও প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘অনেকে আমাকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমি প্রার্থী হব না। বরং বাইরে থেকে কাজ করতে আমার সুবিধা বেশি। আমি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে আসন বাড়াতে চাই। এতে আমার দল লাভবান হবে।’
গতকাল সকালে নগরের চারটি আসনে ১৭ জন মনোনয়নপ্রত্যাশী বক্তব্য দেন। এই চারটি আসনে গত নির্বাচনে আফছারুল আমিন, নুরুল ইসলাম বিএসসি, এম এ লতিফ ও মাঈনউদ্দিন খান বাদল নির্বাচিত হন। গতকাল তাঁদের কেউই উপস্থিত ছিলেন না। মনোনয়নপ্রত্যাশীদের এই তালিকা আগামী ২০ সেপ্টেম্বর গণভবনে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভায় তুলে দেওয়া হবে। মনোনয়নপ্রত্যাশীরা সংগঠনের প্রতি নিজেদের ত্যাগ এবং বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। বক্তব্যে সবাই বলেন, নৌকা প্রতীক যাঁকে দেওয়া হোক—তাঁর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
গতকাল চট্টগ্রাম-৮ আসনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও চান্দগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
চট্টগ্রাম-৯ আসনে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য আ জ ম নাছির, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমদ প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
চট্টগ্রাম-১০ আসনে নগর আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন, আওয়ামী লীগের নেতা এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মাহমুদুল হক ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মনোনয়ন পেতে আগ্রহ দেখান।
চট্টগ্রাম-১১ আসনে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন, মক্কা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল এবং এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ আগ্রহ দেখান।