জাতীয় নির্মাণবিধি পরিচালনায় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৩ সালে জাতীয় নির্মাণবিধি (ন্যাশনাল বিল্ডিং কোড) প্রণয়নের পর ২০০৬ সালের নভেম্বরে গেজেট হলেও সাত বছরে এর যথাযথ প্রয়োগ হয়নি। এমনকি এই বিধি পরিচালনা, প্রয়োগ বা কার্যকর করার জন্য আজ পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট নিবন্ধিত বিভিন্ন সংস্থার সমন্বয়ে যথাযথ কর্তৃপক্ষ গঠন করে বিধিটি প্রয়োগ করা না হলে সাভারের রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটতেই থাকবে।
গতকাল শনিবার ‘জাতীয় নির্মাণবিধি-দ্বিতীয় সংস্করণ, নিরাপদ ভবন নির্মাণে এর প্রাসঙ্গিকতা ও অবদান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আশঙ্কার কথা বলেন। বিএসআরএম গ্রুপ ও দি ডেইলি স্টার-এর যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে প্রধানত জাতীয় নির্মাণবিধির দ্বিতীয় সংস্করণের প্রস্তাবিত খসড়ার ওপর আলোকপাত করা হয়।
বৈঠকের সভাপতি জাতীয় নির্মাণবিধি প্রণয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছে এই বিধি হালনাগাদ করার। বিধিটি বাস্তবায়িত হলে দুর্ঘটনা অনেক কমে যেত বলে উল্লেখ করে তিনি বলেন, যেসব নিবন্ধিত সংস্থার দক্ষ ও যোগ্য কারিগরি জনবল রয়েছে, তাদের নিয়ে কর্তৃপক্ষ গঠন করতে হবে।
অতীতে এই বিধির ব্যবহার বিষয়ে তিনি বলেন, ভূমি মালিকদের সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চুক্তি থাকে যে ভবন নির্মাণের যাবতীয় বিষয়ে জাতীয় নির্মাণবিধি অনুসরণ করা হবে, কিন্তু বাস্তবে তা হয় না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন আলী জাতীয় নির্মাণবিধির দ্বিতীয় সংস্করণের প্রস্তাবিত খসড়ার বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত নির্মাণ বিধিমালা এবং বিভিন্ন দেশের ভবন নির্মাণ বিধিমালার সঙ্গে সঙ্গতি রেখে নতুন বিধির খসড়া প্রণীত হয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আবু সাদেক বলেন, ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে কোন কোন কর্তৃপক্ষ কাজ করতে পারে, নতুন বিধির প্রস্তাবিত খসড়ায় তা বলা হয়েছে। যে কর্তৃপক্ষ শুধু রাজধানীর জন্য নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়ার জন্য কাজ করবে। এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত রাজধানীর জন্য ইমারত নির্মাণ বিধি-২০০৮ এবং সারা দেশের জন্য ইমারত নির্মাণ বিধি-১৯৯৬ অনুসরণ করা যাবে।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শফিউল্লাহ বলেন, ভবন নির্মাণে মাটির যথাযথ পরীক্ষা খুবই জরুরি। এ কাজ করার পেছনে থাকা ঠিকাদারদের অবশ্যই সুযোগ্য ও নিবন্ধিত হতে হবে।
স্থাপত্য ইনস্টিটিউটের প্রধান স্থপতি আহসানুল হক খান বলেন, ভবন তৈরির পরিকল্পনাতেই ভুল আছে। উঁচু জায়গায় উদ্যান হয়েছে। নিচু জায়গা ভরাট করে ভবন তৈরি হয়েছে। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী নির্মাণবিধি পরিচালনার জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছাড়াও অভিজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনেরও প্রস্তাব দেন। নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ নিরাপদ ভবন নির্মাণে দেশের সুযোগ্য ও সুদক্ষ প্রকৌশলী-স্থপতিদের বিদেশে না গিয়ে দেশে থাকা উচিত বলে মত দেন।
সূচনা বক্তব্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জাতীয় নির্মাণবিধি বাস্তবক্ষেত্রে যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আজিজুল হক, বুয়েটের অধ্যাপক সাইফুল বারী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাস, বিএসআরএমের ঢাকা করপোরেট কার্যালয়ের প্রধান কাজী আনোয়ার আহমেদ, বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রকৌশলী এ এইচ মো. মতিউর রহমান, বিএসটিআইয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, ডিএমপি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক এম এ সোবহান, রিহ্যাবের প্রতিনিধি কে এম সেলিম, ডেইলি স্টার-এর নিরাপত্তা ও কৌশলবিষয়ক সম্পাদক শাহেদুল আনাম।