জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু কাল
আগামীকাল বুধবার থেকে ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। ভোটের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এসব পরিচয়পত্র বিতরণ করবেন। ৩১ অক্টোবরের মধ্যে সারা দেশের পরিচয়পত্র বিতরণের কাজ শেষ করা হবে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এবার হালনাগাদ শেষে বিতরণযোগ্য জাতীয় পরিচয়পত্রের সংখ্যা ৭০ লাখ ছয় হাজার ৯৯৫। ঢাকায় পাঁচ লাখ ৩২ হাজার ২৬১, গাজীপুরে এক লাখ ৭০ হাজার ৮৪৪ এবং মানিকগঞ্জে এক লাখ ৩৭ হাজার ১২০ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিশন সচিবালয় থেকে আরও জানানো হয়, জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে পরিচয়পত্র বিতরণ শেষ করা হবে। কোন তথ্য সংগ্রহকারী কোন এলাকায় পরিচয়পত্র বিতরণ করবেন, সেই এলাকার নাম ও তথ্য সংগ্রহকারীর ফোন নম্বর থানা, উপজেলা ও জেলা কার্যালয়ের নাটিশ বোর্ডে টাঙানো থাকবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র বিতরণ করবেন। তবে কোথাও গিয়ে পরিচয়পত্রধারীকে পাওয়া না গেলে তথ্য সংগ্রহকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জানিয়ে আসতে হবে, যাতে পরিচয়পত্রধারী ব্যক্তি পরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারেন। ২০০৮ ও ২০০৯ সালের অবিতরণকৃত পরিচয়পত্রও এবার বিতরণ করা হবে।