জাতীয় পার্টি নিয়ে ধূম্রজাল কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএমএইচে গতকাল এরশাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী । ছবি: সংগৃহীত
সিএমএইচে গতকাল এরশাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী । ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে আছে কি নেই, তা নিয়ে ধূম্রজাল এখনো কাটেনি।
এদিকে গতকাল রোববার নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, দলটির আরও তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন মশিউর রহমান রাঙ্গা (রংপুর-১), শওকত চৌধুরী (নীলফামারী-৪) ও নাসরিন জাহান (বরিশাল-৬)।
এর আগের দিন শনিবার পর্যন্ত খবর বের হয়েছিল, রওশন এরশাদসহ দলটির ১৮ জন একক প্রার্থী হিসেবে আছেন। এই তিনজনসহ এখন দলটির মোট ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। এঁদের মধ্যে নাসরিন জাহান জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেছেন, দলীয় প্রধান এইচ এম এরশাদের নির্দেশ অনুযায়ী তিনি ও তাঁর স্ত্রী যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এখন তিনি শুনেছেন, তাঁদের প্রত্যাহারের আবেদন গৃহীত হয়নি। এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান।
আর এরশাদপন্থী হিসেবে পরিচিত রংপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। এর আগে তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি এরশাদের এবং জি এম কাদেরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এঁদের কারও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত হয়নি।
রংপুর থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গত শনিবার মশিউর রহমানের উপস্থিতিতে তাঁকে রিটার্নিং কর্মকর্তা একক প্রার্থী ঘোষণা করেন। তিনি তা মেনেও নেন। এ অবস্থায় গতকাল এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়ের সই করা জাপার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান এরশাদ রংপুর জেলা ও মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। মশিউর রহমানহ আগের কমিটির নেতাদের বাদ দিয়ে রংপুর জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এরশাদ হাসপাতাল থেকে কীভাবে এই নির্দেশনা দিলেন, এ কথা জানতে চাইলে সুনীল শুভরায় প্রথম আলোকে বলেন, ‘তিনি তো হাসপাতালে, জেলে তো নয়। দলের মহাসচিবের নির্দেশনা পেয়ে চেয়ারম্যানের পক্ষে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
রংপুরের কমিটি বাতিল করলেও এরশাদের নির্দেশ অমান্য করে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে থেকে যাওয়া দলের বাকি প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মন্ত্রিপরিষদ থেকে জাপার মন্ত্রীদের পদত্যাগ ‘নাটকের’ বিষয়েও কোনো সুরাহা হয়নি। বরং জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকে অংশ নেন। অবশ্য অন্য মন্ত্রীরা সচিবালয়ে যাচ্ছেন না।
এই পরিস্থিতিতে এরশাদের নেতৃত্বাধীন জাপার অবস্থান কী? নির্বাচনকালীন সরকারে ও নির্বাচনে আছে কি নেই? থাকলে পুরো দল, নাকি আংশিক, তা পরিষ্কার নয়। এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি জাপার নেতারা।
জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমাদের অবস্থান কী, আমরা কেমন আছি, কীভাবে আছি, তা দেশবাসী অবগত আছে। এর চেয়ে বেশি বলা সমীচীন হবে না।’
এরশাদকে দেখতে গেলেন গওহর রিজভী: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি থাকা এরশাদ ‘বন্দী’, নাকি সত্যিকার অসুস্থ, তা নিয়ে বিভ্রান্তি এখনো কাটেনি। তবে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সপরিবারে সিএমএইচে এরশাদকে দেখতে যান। তিনি এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রতীক বরাদ্দের অনুরোধ!:এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার আট দিন পর কুমিল্লা-৩ আসনে জাপার দুজন প্রার্থীকে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বরাদ্দ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অনুরোধ করেছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এমন তিনটি চিঠি প্রথম আলোর হাতে এসেছে। তাতে দেখা যায়, মহাসচিব ১২ ডিসেম্বর জামাল উদ্দিনকে, আবার ১৪ ডিসেম্বর একই আসনে আক্তার হোসেনকে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন। আরেকটি চিঠিতে অভিন্ন ভাষায় আক্তার হোসেনকে প্রতীক বরাদ্দের জন্য অনুরোধ করা হলেও তাতে কোনো তারিখ উল্লেখ নেই।
নির্বাচন বর্জন করার ঘোষণা দেওয়ার আট দিন পর প্রতীক বরাদ্দের অনুরোধ সম্পর্কে জানতে চাইলে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার দাবি করেন, ১২ বা ১৪ ডিসেম্বর কাউকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করে তিনি কোনো চিঠি লেখেননি।