জাতীয় পার্টি বেকায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটে থাকা না-থাকার প্রশ্নে জাতীয় পার্টির সদস্যদের মধ্যে বিভক্তি এখন চরমে। এমনকি মহাজোটবিরোধী অবস্থানে থাকা একটি অংশ জাতীয় পার্টি থেকে বেরিয়ে নতুন দল গঠনেরও হুমকি দিচ্ছে। অন্য অংশটি গণপ্রতিনিধিত্ব আদেশে উল্লেখিত শর্তের ভয় দেখিয়ে বলছে, নির্বাচন করতে চাইলে দল ভাঙা চলবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশের শর্তানুযায়ী কমপক্ষে তিন বছর নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য না থাকলে কেউ দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আজ শনিবার জাতীয় পার্টির কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে বিরোধের বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে দলে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমন নেতাদের প্রত্যেকেই দল ভাঙার বিষয়টি অসত্য বলে দাবি করেছেন।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বলেন, ‘জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। যাঁরা দলের মধ্যে বিভক্তি বা বিবাদের কথা বলেন, তাঁদের হূদয়ে কালিমা আছে। তাঁরা জাতীয় পার্টি সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। আল্লাহ তাঁদের হেদায়েত করুন। আরও বিশাল ব্যক্তিত্ব জাপায় আসবেন। এখনো মহাজোটে আছি। এরশাদ সঠিক সময়ে দল ও দেশের স্বার্থে সক্রিয় সিদ্ধান্ত নেবেন।’

খোঁজখবর নিয়ে জানা যায়, জাতীয় পার্টিতে কাজী জাফর আহমেদের নেতৃত্বে একটি বড় অংশ আওয়ামী লীগ-বিদ্বেষী। তাঁরা যেকোনো মূল্যে মহাজোট থেকে বেরিয়ে যেতে চান। ঐতিহাসিকভাবেই কাজী জাফর বিএনপিপন্থী। পিকিংপন্থী এই কমিউনিস্ট নেতা জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দেন এবং জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা হন। পরে জিয়ার জোট থেকে বেরিয়ে এসে আলাদাভাবে নির্বাচন করেন। আশির দশকে নিজের দল ইউনাইটেড পিপলস পার্টি বিলুপ্ত করে জাতীয় পার্টিতে যোগ দেন এবং প্রথমে মন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী হন। 

বিএনপিপন্থী নেতারা বলছেন, মহাজোট গঠনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। সেগুলো তারা মানেনি। এ ছাড়া পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনেই বিএনপি জিতেছে। এ অবস্থায় মহাজোটে থাকাটা যথেষ্ট লাভজনক নয়। তাঁরা এমনকি এরশাদকে মহাজোট ছাড়তে ১০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ অংশে কাজী জাফরের সঙ্গে কাজী ফিরোজ রশীদ, কাজী মাহমুদুল হাসান, গোলাম হাবিব দুলাল, টি আই এম ফজলে রাব্বীসহ আরও বেশ কিছু নেতা আছেন।

তবে কাজী ফিরোজ রশীদ প্রথম আলো ডটকমকে বলেছেন, দল ভাঙার খবর ভিত্তিহীন। একটি নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি মহাজোটে যুক্ত হয়েছিল। আসন্ন নির্বাচনের আগে জাতীয় পার্টি তৃতীয় কোনো জোট গঠন করতে পারে। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা ও কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগকে সঙ্গে নিয়ে নতুন এই জোট হতে পারে।

এদিকে দলে আওয়ামী লীগপন্থী অংশের প্রতিনিধিত্বকারী জিয়াউদ্দীন আহমেদ বাবলু প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘দল ভাঙবে কী করে? দল যারা ভাঙবে তারা তো নির্বাচনেই অংশ নিতে পারবে না। বর্তমান অবস্থায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই দল ভাঙার সাহস দেখাবে না।’ এ অংশে আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায় রয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ১২ অনুযায়ী কোনো প্রার্থীকে (স্বতন্ত্র ছাড়া) নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে কমপক্ষে তিন বছর নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য থাকতে হবে।

একটি সূত্র জানিয়েছে, এইচ এম এরশাদও এই শর্তের কথা বিএনপিপন্থী অংশটিকে মনে করিয়ে দিয়েছেন সম্প্রতি। ওই সূত্রটি বলছে, ওই অংশটির (আওয়ামী লীগপন্থী) চাপে পড়েই শেষ পর্যন্ত এরশাদকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট-সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানকে সমর্থন দিতে হয়।

এদিকে দলের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি টিকে আছে এইচ এম এরশাদের ইমেজের ওপর। তাঁকে বাদ দিয়ে অন্য কোনো দল টিকতে পারবে না। হয়তো দলের মধ্যে যাঁদের অসন্তোষ আছে তাঁরা বেরিয়ে যেতে পারেন।

২০০১ সালে নির্বাচনের আগে জোট গঠনকে কেন্দ্র করে প্রয়াত নাজিউর রহমান মঞ্জু জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশ জাতীয় (বিজেপি) পার্টি গঠন করেন।

জাতীয় পার্টি সূত্র বলছে, মামলার ভয়ে এরশাদ আপাতত মহাজোট ছাড়তে চাইছেন না। দলটি ধারণা করেছিল, মহাজোটে যোগ দিলে এরশাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো তুলে নেওয়া হবে। এরশাদ রাডার ক্রয়, আবুল মঞ্জুর হত্যাকাণ্ড, বিটিভির কেবল ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন। কিন্তু মামলা প্রত্যাহার হয়নি। আবুল মঞ্জুর হত্যাকাণ্ড মামলায় গত ৩০ মে এরশাদ আদালতে হাজির হন। এইচ এম এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আবুল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক শুরুর তারিখ মোট পাঁচবার পিছিয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে। রাষ্ট্রপক্ষ এরশাদের বিরুদ্ধে করা মামলা ঝুলিয়ে রাখতে চায়।