জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি চান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে আয়োজিত মহাসমাবেশে উপস্থিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাংশ। গতকাল বরিশাল নগরের টাউন হলের সামনে এ সমাবেশ হয় l প্রথম আলো
জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে আয়োজিত মহাসমাবেশে উপস্থিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাংশ। গতকাল বরিশাল নগরের টাউন হলের সামনে এ সমাবেশ হয় l প্রথম আলো

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এক বিভাগীয় মহাসমাবেশে এ দাবি জানানো হয়। দাবি আদায়ে শিক্ষক নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণার পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেছেন।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের আহ্বায়ক মহসিন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সাধারণ সম্পাদক আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাকশিসের সভাপতি আজিজুল ইসলাম।
নিজেদের দাবি আদায়ের পক্ষে যুক্তি তুলে ধরে সমাবেশে ফ্রন্টের বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক মো. মজিবর রহমান, অধ্যক্ষ হারুন অর রশীদ খান, অধ্যক্ষ আমিনুর রহমান, কাজী মো. ইসমাইল, আ ক ম শওকত হোসেন, সাবেক সচিব মো. সিরাজউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, শিক্ষক নেতা রেজাউল করিম, ফোরকান আহম্মেদ, অধ্যক্ষ মাকসুদুর রহমান, কাঞ্চন আলী মোল্লা, আমিনা ইসলাম, নুরুল আলম খান প্রমুখ বক্তব্য দেন।
শিক্ষক নেতাদের উপস্থাপিত প্রস্তাবনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, বর্তমান শিক্ষাব্যবস্থায় বিরাজমান সব সমস্যা সমাধানের জন্য বেসরকারি শিক্ষা জাতীয়করণ। এই দাবি আদায়ে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সংগঠনগুলোকে এক মঞ্চে থেকে আন্দোলন করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষক নেতারা দেশে বৈষম্যহীন, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক একটি শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়ে বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করতে হবে। দূর করতে হবে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের মধ্যকার সমন্বয়হীনতা। তাঁরা বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিষয় থাকলেও শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।
সমাবেশে আগামী ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ২৯ জানুয়ারি কালোব্যাজ ধারণ, ২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্রসমূহের সামনে কালো কাপড়ে দাবি তুলে ধরে ব্যানার স্থাপন, ১৭ ফেব্রুয়ারি জেলা শহরে কালো পতাকা মিছিল, ৯ মার্চ নগরে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে সমাবেশ, ১২ মার্চ উপজেলা সদরে বিক্ষোভ, ১৪ মার্চ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন, ১৮ মার্চ তালা মিছিল এবং ১৯ মার্চ ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ।
বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় তিন হাজার শিক্ষক ও কর্মচারী এ সমাবেশে অংশ নেন।