জাতীয় প্রবীণ নীতিমালার খসড়া অনুমোদন
৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিধান রেখে জাতীয় প্রবীণ নীতিমালা, ২০১৩-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৩-এর খসড়া অনুমোদন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রবীণদের দারিদ্র্যমুক্ত, কর্মময় ও নিরাপদ সামজিক জীবন নিশ্চিত করাই এ নীতিমালার লক্ষ্য। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা প্রবীণ হিসেবে স্বীকৃত হবেন। এমন নাগরিকেরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
খসড়া নীতিমালা অনুযায়ী, সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, শারীরিকভাবে রুগ্ণ-দুর্বল ও পারিবারিক সাহায্যবিহীন প্রবীণদের অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করা এবং তাঁদের জন্য কল্যাণমূলক কর্মসূচি দেওয়া হবে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রবীণ ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক সেবা দেওয়া হবে। পরিবারের প্রবীণ ব্যক্তিদের সেবা দিতে সরকারি ত্রাণ ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে প্রবীণদের জন্য কল্যাণমূলক কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, ‘দেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় প্রবীণদের সংখ্যা বাড়ছে। এ কারণে নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।’
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, প্রবীণদের জন্য নিরাপদ কর্মসংস্থান, দারিদ্র্যমুক্তি, স্বাস্থ্যসেবা, বাস-ট্রেন ও নৌপথে চলাচলের জন্য আসন সংরক্ষণ এবং জাতীয় পরিচয়পত্রের মতো পরিচয়পত্র দেওয়া হবে। প্রবীণদের জন্য প্রবীণ নিবাস, ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন সুযোগের কথা বলা রয়েছে এ নীতিমালায়।
২০১২ সালের ২ জুলাই প্রবীণবিষয়ক জাতীয় নীতিমালা তৈরি করতে জাতীয় কমিটি পুনর্গঠন করেন প্রধানমন্ত্রী। গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি ওই জাতীয় কমিটির অনুমোদন দেন। ওই দিন একটি উপকমিটিও গঠন করা হয়। ওই কমিটিকে একটি খসড়া নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইউনেসকো প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।