জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ
জাতীয় প্রেসক্লাবের ‘দখলদারির’ প্রতিবাদে গতকাল সোমবার ক্লাবে বিক্ষোভ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
প্রেসক্লাবের সভাপতির কক্ষের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্লাবের লাইব্রেরির পশ্চিম পাশ দিয়ে ক্লাব চত্বর প্রদক্ষিণ করে। মিছিল থেকে ‘প্রেসক্লাবে দখলদার মানি না, মানব না’ ‘দখলদার হটাও, প্রেসক্লাব বাঁচাও’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে ক্লাবের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সভাপতির বক্তব্যে বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ঐতিহ্যবাহী গণতান্ত্রিক প্রতিষ্ঠানে অনির্বাচিত কাউকে মেনে নেওয়া হবে না। দখলদারদের এ জন্য মাশুল দিতে হবে। তাঁদের সব কাজ অবৈধ হিসেবে গণ্য হবে। তিনি তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দখলদারি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ৪ জুন বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন রুহুল আমিন গাজী, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
এদিকে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য পরিচয়ে নুরুল হাসান খানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির মুলতবি সভা গতকাল ক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির নাম ভাঙিয়ে ‘তথাকথিত’ কমিটিকে অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সভায় সৈয়দ আবদাল আহমদ অতিরিক্ত সাধারণ সভার বিষয় তুলে ধরেন। সভায় আগামী অতিরিক্ত সাধারণ সভার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন ফরিদ হোসেন, নূরুল হুদা, বখতিয়ার রানা, বদিউল আলম, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ ও নুরুল হাসান খান।