জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল প্রকাশ, ভুলের অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে । এবারই পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু এবারের ফলে বেশকিছু ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বেশকিছুসংখ্যক ছাত্রীর যে কোর্স ছিল না তা দেখিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে । ফলে তাঁদের ফল আসছে অনুত্তীর্ণ ।
বিভাগের এক ছাত্রী প্রথম আলোকে বলেন, যে কোর্স তাঁর ছিল না সেটি দেখানোয় অনুপস্থিত হিসেবে তাঁকে ফেল দেখানো হয়েছে যা কোনোভাবেই হতে পারে না । তিনি জানান, তাঁর বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীর এমন ভুল হয়েছে । যা অপ্রত্যাশিত ।
ওই বিভাগের বিভাগীয় প্রধান জাফরুন্নাহার প্রথম আলোকে বলেন, তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন সফটওয়্যার সমস্যার কারণে এমনটি হয়েছে, এটি ঠিক হয়ে যাবে ।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর তিতুমীর কলেজের একজন পরীক্ষার্থী জানান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েও পাস করেছেন । আবার তিনি নিজে একটি খাতায় যেখানে ন্যুনতম ৫০ পেতেন সেখানে পেয়েছেন মাত্র ৩৩ । তাঁর আরেক বন্ধুও একটি বিষয়ে এরকম অপ্রত্যাশিত নম্বর পেয়েছেন । তাঁর দাবি খাতা সঠিকভাবে মূল্যায়ন না করার কারণেই এমনটি হয়েছে ।
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, আগেও ফল প্রকাশের পর এরকম কিছু অভিযোগ এসেছে । ফলফালে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে । এছাড়া পুন:নিরীক্ষণেরও সুযোগ আছে ।
গত ১১ নভেম্বর লিখিত ও ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছিল । ২৭ টি বিষয়ে সারাদেশে ২০৫ টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশ নেয় । ফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে । এ ছাড়া যে কোন মোবাইল থেকে খুদে বার্তায় ফল জানা যাবে । এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ।