২০১৮ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজটমুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেওয়া হয়েছে। এর আওতায় ২০১৮ সালের জুন পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষা এবং ফল প্রকাশের সময় ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। ‘ক্র্যাশ প্রোগ্রাম’ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও সেশনজটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামো ভেঙে সরকারি কলেজগুলোকে আগের মতো বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় গতকাল নিয়ে দুই দফা সংবাদ সম্মেলন করে তাদের বিভিন্ন উদ্যোগের কথা জানাল।
গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর উদ্বেগ তাঁদের উজ্জীবীত করেছে। তবে তাঁদের এসব কর্মসূচি আরও আগে থেকেই নেওয়া হয়েছে। যার ফল এখন পাওয়া শুরু হয়েছে।
এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বহাল আছে। যেটা ‘সুইটেবল’ হবে সেটাই করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় প্রতিদিন সকালে পাঠদান ও বিকেলে পরীক্ষা নিতে হবে। এমনকি শুক্রবারও একবেলা পরীক্ষা নিতে হবে। এ জন্য শিক্ষকদের (প্রযোজ্য ক্ষেত্রে) আগামী দুই বছর পাওনা ছুটি ভোগ ও অন্যান্য কাজ থেকে বিরত থেকে এ ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। জাতির স্বার্থে শিক্ষকদের কষ্ট করার অনুরোধ জানান উপাচার্য।
অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ইউজিসির ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট বর্তমানে গুরুতর অবস্থায় পৌঁছেছে। এ বক্তব্য সম্পূর্ণ ধারণাগত, বাস্তবচিত্র বা তথ্যভিত্তিক নয়।
ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ধারণাগত তথ্য দেওয়ার সুযোগ নেই। যে তথ্য দেওয়া হয়েছে তা তথ্যভিত্তিক।