জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয় বেতন স্কেলে নিঃশর্ত অন্তর্ভুক্তির দাবি তুলে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক জেলা সম্মেলন। ১১টি সাংগঠনিক উপজেলার এক হাজারেরও বেশি শিক্ষক এতে অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস।
সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষক সমাজের দাবি কেবল জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত নয়, শিক্ষকদের দাবি শিক্ষাব্যবস্থার সার্বিক পরিবর্তন। একই সঙ্গে শিক্ষা জাতীয়করণ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করেন। তাঁরা নানাভাবে বৈষম্যের শিকার। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে সুযোগ-সুবিধার দিক থেকে বৈষম্য দূর করতে হবে। একই সঙ্গে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা-বৈষম্যও দূর করতে হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য পাওনা দাবি করে আসছেন। মহান মুক্তিযুদ্ধে শিক্ষক সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার অবশ্যই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে। দাবি মেনে না নিলে সারা দেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করে নেবে।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলার সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আলী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সভাপতি রাবেয়া খাতুন, শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার প্রমুখ।
সম্মেলনের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষক সমিতির শিক্ষকেরা। এ সময় জাতীয় পতাকার সঙ্গে ১১টি সাংগঠনিক কমিটির পক্ষে শিক্ষক নেতারা সমিতির পতাকা উত্তোলন করেন। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন উপজেলার শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আবদুল মালেককে সভাপতি এবং আসাদুল আলমকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়।