জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি, জনজীবনে চরম ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সংশ্লিষ্ট সব পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের কার্যকর সমাধান বের করারও অনুরোধ করেছে কমিশন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সহিংসতার কারণে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে। দিনের পর দিন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মানুষের জীবন-জীবিকার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।
কমিশন মনে করে, যত দ্রুত সম্ভব একটি অর্থবহ সংলাপের মাধ্যমে এ রাজনৈতিক অচলাবস্থার সমাধান বের করতে হবে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মসূচির নামে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। গাছ কেটে, রাস্তা খুঁড়ে, যানবাহনে আগুন দিয়ে ও পেট্রলবোমা মেরে জনমনে যে আতঙ্ক তৈরি করা হয়েছে, তা মানবাধিকারের জন্য অশনি সংকেত। এই সহিংসতা এখনই বন্ধ না হলে তা নাগরিক জীবনকে বিপর্যস্ত করে তুলবে।
মানবাধিকার কমিশন রাজনৈতিক সহিংসতায় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটায়ও উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আরও সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দেওয়া এবং শান্তিপূর্ণ বিকল্প রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অনুরোধ করেছে কমিশন।