লিমনের ওপর নির্যাতন: টিআইবি, আসক ও হিউম্যান রাইটস ফোরামের নিন্দা
জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা মানবাধিকার পরিপন্থী

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো লিমন হোসেনের পক্ষে ও বিপক্ষে দায়ের করা মামলা প্রত্যাহারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের দেওয়া মধ্যস্থতার প্রস্তাবে তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ২০টি মানবাধিকার ও নাগরিক সংগঠন নিয়ে গঠিত মানবাধিকার ফোরাম (হিউম্যান রাইটস ফোরম)। মধ্যস্থতার প্রস্তাবের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে টিআইবি এক বিবৃতিতে বলেছে, লিমনের মামলা প্রত্যাহারে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মধ্যস্থতার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘লিমনের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম ও নিষ্ঠুর আচরণ ও পরবর্তী সময়ে দায়ের করা মামলার কারণে এই দরিদ্র ছেলেটি ও তাঁর পরিবারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা আরও মনে করি, এ ধরনের মধ্যস্থতার প্রস্তাব কমিশনের মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে গৃহীত ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে।’
লিমনের মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে মানবাধিকার কমিশন সঠিক ভূমিকা গ্রহণ করবে বলে আসক আশা প্রকাশ করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন কি সরকার ও র্যাবের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে? যে র্যাবের গুলিতে লিমন নির্মমভাবে পা হারিয়েছেন, সেই র্যাবের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে “মধ্যস্থতার” নামে লিমনের মায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সরকারি ও র্যাবের উদ্যোগে সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়ে কমিশন মানবাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার লাভে নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী কাজ করেছে বললে অত্যুক্তি হবে না।’
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, মানবাধিকার কমিশন লিমন ও তাঁর পরিবারের পরিবর্তে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়ে লিমনের পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে, যা অনাকাঙ্ক্ষিত ও হতাশাব্যঞ্জক। এর ফলে কমিশনের ভাবমূর্তিই কেবল ক্ষুণ্ন হয়নি, একই সঙ্গে কমিশনের ওপর জনগণের আস্থা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিবৃতিতে জনগণের মৌলিক অধিকার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কমিশনের প্রতি আহ্বান জানায় টিআইবি।
প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার ফোরামও। ফোরাম এক বিজ্ঞপ্তিতে বলেছে, ফোরামের সদস্যভুক্ত সংগঠনগুলো মনে করে, কোনো ফৌজদারি অপরাধের চলমান মামলা সমঝোতা করার এখতিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের নেই।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের (লিমনের মায়ের করা মামলা তুলে নেওয়ার) এই আহ্বান প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে র্যাবের বিরুদ্ধে চলমান মামলা পরিচালনার ক্ষেত্রে লিমন হোসেনকে বিভিন্ন সময়ে কমিশন চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্রুত সহযোগিতার আশ্বাস বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়।