জাতীয় সংগীত গেয়ে উঠল বাঁশপচাই ভিতরকুটিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বালনের পর গতকাল শনিবার সকাল ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন। রাত থেকে সকাল পর্যন্ত এই ছয় ঘণ্টা সময়ে বদলে গেল বাঁশপচাই ভিতরকুটির বাসিন্দাদের জীবন। নাগরিকত্বহীনতার গ্লানিমুক্ত হয়ে তাঁরা সমস্বরে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহলের একটি হলো এই বাঁশপচাই ভিতরকুটি। এর অবস্থান লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন। গতকাল সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশের অংশে পরিণত হলো এই বাঁশপচাই ভিতরকুটি। পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সাংসদ সফুরা বেগম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামসহ ছিটমহলের বাসিন্দারা।
এর আগে রাতে প্রথম মোমবাতি প্রজ্বালন করেন প্রবীণ বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৮০)। একে একে অংশ নেন সাংসদ সফুরা বেগম, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. সিরাজুল হক, অনুষ্ঠানের সভাপতি রমজান আলী, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম, এএসপি (সার্কেল) আদিবুল ইসলাম প্রমুখ।
মুক্তির আনন্দে আত্মহারা লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ভিতরকুটির বাসিন্দা হাফেজা খাতুন। তিনি বলেন, ‘এখন থেকে আমি বাংলাদেশের নাগরিক। আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাই। এই দিনটির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’ প্রায় একই অনুভূতি জানালেন নুসরাত জাহান রিপা ও নুর জাহান আক্তার রিনা।