জাতীয় সংসদে শিক্ষার্থীদের কলকাকলী

সংসদ ভবনের ভেতরে গাড়ি থেকে নামতেই চোখ দুটো আটকে গেল। স্কুলের ড্রেস পরা ছেলেমেয়েরা অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখছে সংসদ ভবন। এই ছেলে মেয়েদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে। তারা দর্শক গ্যালারিতে বসে সংসদ অধিবেশনে মন্ত্রী-এমপিদের কথা শুনবে।
আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে এই ছেলেমেয়েদের দেখা মেলে। তারা কুমিল্লার দাউদকান্দির কাউয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ১২০ জনের বিশাল দল। ওই স্কুল ছাড়াও দাউদকান্দির খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। দুই স্কুল মিলে শিক্ষকের সংখ্যা ছিল ৩০ জন।
শিক্ষক-শিক্ষার্থীরা নিয়ম মেনে লাইন ধরে গেটের নিরাপত্তা বলয় পার হন। তারপর আরও কিছু নিয়মনীতি মেনে তাঁরা ঢুকে পড়ে গ্যালারিতে। শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন সাংসদ সুবিদ আলী ভূঁইয়া। একাডেমি ফাউন্ডেশনের নির্বাহী অফিসার মহসীন হাসান সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাত পৌনে আটটার দিকে অধিবেশন শেষে এই শিশুদের অনুভূতি জানতে চাইলে মহসীন হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই শিশুরা জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন দেখল। মন্ত্রী, সাংসদদের দেখে তারা অভিভূত।
অধিবেশন শুরুর আগে খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি তাহমিনা সুলতানা, কাউয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সেলিম মিয়াজীও খুব ব্যস্ত এবং উত্তেজিত ছিলেন। তাঁরাও জীবনে প্রথমবারের মতো এ ধরনের সুযোগ পেয়েছেন।