জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন, গণমাধ্যম সংবাদ প্রচারের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। একই সঙ্গে দেশ ও জনগণের কাছে সব সময় দায়বদ্ধ থাকবে।
রাষ্ট্রপতি গতকাল বুধবার ‘বজলুর রহমান স্মৃতি পদক’ বিতরণকালে এসব কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া তাদের মত প্রকাশের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। এ কারণে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বও অনেক।
আবদুল হামিদ বলেন, দেশের গণতন্ত্র বিকাশে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যমগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষা, মত প্রকাশের পাশাপাশি সরকারের ভুলের গঠনমূলক সমালোচনা করে।
মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরার উচ্ছ্বসিত প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বজলুর রহমান স্মৃতিপদক ভবিষ্যতেও এ ধরনের সঠিক ইতিহাস তুলে ধরার সাহস জোগাবে।
সমকাল-এর রাজিব নূর ও যমুনা টিভির মিজান মালিক মুক্তিযুদ্ধের ওপর প্রতিবেদন তৈরি করে বজলুর রহমান স্মৃতিপদক পান।
মুক্তিযুদ্ধ জাদুঘর দৈনিক সংবাদ-এর সাবেক সম্পাদক বজলুর রহমানের নামানুসারে এই স্মৃতিপদক চালু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।