শ্রদ্ধা, গৌরব ও উৎসবে স্বাধীনতা দিবস
মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। একই সঙ্গে জাতি অনুভব করছে গৌরব, দেশজুড়ে বিরাজ করছে উৎসব।
আজ বৃহস্পতিবার ৪৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সব অপশক্তিকে রুখে দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই দিনে জাতি নবোদ্যমে প্রত্যয় নিয়েছে।
প্রত্যুষে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সকাল ছয়টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা সেখানে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলে ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধ।
অন্যান্য বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে জাতি। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সরকারি ছুটির দিন।
দিবসটি উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাতে করা হবে আলোকসজ্জা।
সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ বিভিন্ন শরীরচর্চা প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে। দলীয়ভাবে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফোরামসহ বিভিন্ন সংগঠনও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর, ছায়ানট, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় প্রেসক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, দেশ টিভি, ঢাকা মহানগরী সমিতি, বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বাংলাদেশ মহিলা পরিষদ, আমরা পলাশ, গৌরব ৭১, বাংলাদেশ রোইং ফেডারেশন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নানা কর্মসূচি হাতে নিয়েছে।