জাতীয়করণের দাবিতে মিছিল, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজটি জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ দাবিতে সকালে তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। এদিন কলেজে কোনো ক্লাস হয়নি।
কলেজের অন্তত তিনজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল সকাল ১০টার দিকে কলেজের প্রশাসনিক ভবন, শিক্ষক মিলনায়তন ও কার্যালয়ে তালা লাগিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর কলেজের অন্তত ৬০০ জন শিক্ষার্থী ক্লাস বর্জন করে কুমিল্লা-বুড়িচং সড়ক অবরোধ করেন। তাঁরা কলেজ ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা পর উপজেলা ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়। এদিন কলেজে কোনো ক্লাস হয়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের লক্ষ্যে প্রতি উপজেলায় একটি করে মানসম্মত কলেজকে বেছে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অগ্রাধিকারভিত্তিতে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজটির জাতীয়করণ হওয়ার কথা। কিন্তু একটি মহল উপজেলা সদরে অবস্থিত কলেজটিকে বাদ দিয়ে প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজকে জাতীয়করণ করার পাঁয়তারা করছে। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে। উপজেলার মানসম্মত কলেজ হিসেবে আমাদের কলেজের সুনাম রয়েছে। আমরাও চাই এ কলেজটি জাতীয়করণ করা হোক।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, শিক্ষার্থীরা কলেজ জাতীয়করণের দাবিতে কিছুক্ষণ সড়কে এসে বিক্ষোভ করে।