জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সমাবেশের প্রস্তুতিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সমাবেশের প্রস্তুতিতে বাধা দিয়েছে পুলিশ। আজ শুক্রবার রাতে পুলিশ আদালত প্রাঙ্গণে সমাবেশস্থল থেকে চেয়ার সরিয়ে নেয়।

ওই সময় সমাবেশ ঘিরে অন্যান্য প্রস্তুতিমূলক কাজও বন্ধ করে দেয় পুলিশ। আগামীকাল শনিবার সকালে এই সমাবেশ করার কথা আছে।

নারায়ণগঞ্জে নিহত আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনা ও সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে এই সমাবেশ আয়োজনের প্রস্ততি নেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্টার এ কে এম শামসুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, কালকের সমাবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী একজন আইনজীবী জানিয়েছেন, রাত ১০টার পর পুলিশ এসে সমাবেশস্থল থেকে চেয়ার সরিয়ে দেয়। এ সময় আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগিবতণ্ডা হয়।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সমাবেশের প্রস্তুতিকালে বাধা প্রসঙ্গে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।