জাতীয় অধ্যাপক এম আর খান চিরনিদ্রায় শায়িত

শোক আর শ্রদ্ধায় চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ও বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ এম আর খান। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় রসুলপুর ফুটবল মাঠে তাঁর ষষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়। তিনি গত শনিবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মাঝরাতে এম আর খানের লাশ ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হয়। পূর্বঘোষিত সময় অনুযায়ী গতকাল সকাল ১০টায় রসুলপুর ফুটবল মাঠে তাঁর ষষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা ও যশোরের পাঁচটি স্থানে জানাজা হয়। এসব জানাজায় সাতক্ষীরার দুজন সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ ও জগলুল হায়দার এবং সাংবাদিক আবেদ খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজার আগে এম আর খান সম্পর্কে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব শহিদুল্লাহ ও পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আবেদ খান বক্তব্য দেন।