জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনের পরলোকগমন
জাতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন (৮১) আর নেই। কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে পরলোকগমন করেন তিনি। রঙ্গলাল সেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রঙ্গলাল সেনের জন্ম ১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ১৯৯৩ সালে নিয়মিত অবসর গ্রহণের পর পাঁচ বছর চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে রাখা হবে। এরপর তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
পরিবার সূত্র জানায়, আজ রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্ঠান হবে।
প্রথিতযশা এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন।