জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন ছিলেন মানবতাবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনারে অংশ নেওয়া সব বক্তাই বললেন, জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহ্মদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধর্মনিরপেক্ষতা ধারণ করেছিলেন। এরপর আলোচনায় আসে তিনি কীভাবে তা নিজের মধ্যে বিকশিত করেছিলেন। এর সঙ্গে চলে আসে এই উপমহাদেশে ধর্মনিরপেক্ষতার অতীত ও বর্তমান।
গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের বিষয়বস্তু ছিল ‘ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ’। জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ স্মরণে তিন দিনের আয়োজনের প্রথম দিন ছিল গতকাল। আজ এবং আগামীকালও সেমিনার রয়েছে। এর আয়োজন করেছে বাংলা একাডেমি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ।
প্রথম দিনের অনুষ্ঠান ছিল দুই পর্বের। প্রথম পর্বে উদ্বোধন। এ সময় অধ্যাপক সালাহ্উদ্দীনের ওপর নির্মিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল বিষয়ভিত্তিক আলোচনা।
উদ্বোধনী পর্বে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সালাহ্উদ্দীন আহ্মদ ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রাজা রামমোহন রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ ও সমন্বয়বাদকে তিনি আদর্শ মনে করতেন। এর মাধ্যমেই তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে প্রতিষ্ঠা করেন।
এই পর্বের সভাপতি ছিলেন অধ্যাপক করুণাময় গোস্বামী। বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আইইউবির উপাচার্য এম ওমর রহমান প্রমুখ।
দ্বিতীয় পর্বের শুরুতে ‘মিশ্র সংস্কৃতির ঐতিহ্য ও আমরা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষক অধ্যাপক ইমানুল হক। তিনি বলেন, গ্রামবাংলায় সাম্প্রদায়িকতা ছিল না। এখনো সেই অর্থে নেই। বরং শহরে এর প্রবণতা বেশি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে তা বেশি।
প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে কামাল লোহানী বলেন, বাংলাদেশের যেসব এলাকা প্রগতিশীলদের আড্ডার স্থান ছিল, সেখানে এখন সাম্প্রদায়িক জামায়াত-শিবির ঘাঁটি গেড়েছে। এটা রোধ করতে হলে যে চেতনা ও সংস্কৃতি মুক্তিযুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, সেখানেই ফিরে যেতে হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, ভারতীয় উপমহাদেশে সব ধর্মের মানুষের মধ্যে একটা আত্মমিশ্রণ জন্ম নিয়েছিল। এটাই এখানকার ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি। যেখানেই এর বিচ্ছেদ ঘটে, সেখানেই শান্তি থাকে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, শুধু হিন্দু-মুসলিমের আত্মমিশ্রণে চলবে না, এর মধ্যে বৌদ্ধ-খ্রিষ্টান-আদিবাসী থাকতে হবে। সংখ্যালঘুদের ওপর সংখ্যাগরিষ্ঠের আধিপত্য নয়, সমীহ থাকা উচিত। আর রাষ্ট্রকে সৎ থাকতে হবে, নিশ্চিত করতে হবে সমতা।