জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবদের পর্যায়ে এনে অষ্টম জাতীয় বেতনকাঠামোতে অন্তর্ভুক্ত করায় তাঁদের অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ মন্তব্য করা হয়। বলা হয়, এসব সিদ্ধান্ত অর্থমন্ত্রীর কথার বরখেলাপ। সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অবস্থায় অষ্টম জাতীয় বেতনকাঠামো বাস্তবায়িত হলে সপ্তম জাতীয় বেতনকাঠামোর তুলনায় গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেক কিংবা তারও নিচে নেমে আসবে। উপরন্তু গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের থেকে সুপার গ্রেডের দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো সুযোগ ও নির্দেশনা এই গেজেটে কিংবা অন্য কোনো পরিপত্রে এ পর্যন্ত দেখা যায়নি।
এ ছাড়া জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবদের পর্যায়ে এনে এই বরেণ্য ব্যক্তিদের যেমন অপমান করা হয়েছে, অন্যদিকে তাঁদের পে-রোলে আনার এই প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় বেতনকাঠামোকে করা হয়েছে বিতর্কিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় মনোনয়ন দেয় না বা তাঁরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সঙ্গে যুক্ত নন। দেশে পাঁচজন জাতীয় অধ্যাপক আছেন, তাঁরা সবার ওপরে দেশবরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এমতাবস্থায় তাঁদের এই বেতনকাঠামোতে অন্তর্ভুক্তি অনাকাঙ্ক্ষিত ও জাতির জন্য লজ্জাজনক।