জাতীয়-আন্তর্জাতিক ভেন্যুর নিরাপত্তা বাড়ানো হবে: অর্থমন্ত্রী
বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যে উৎসবগুলো হয়, সেগুলোর উৎসবস্থলে (ভেন্যু) নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশে যেসব উৎসব বা মেলা হবে, সেগুলোতে দেশি-বিদেশি অনেকেই অংশ নেবে। উৎসবগুলোতে অংশ নিতে বিদেশি অতিথিরা যেসব জায়গায় অবস্থান করবেন, সেগুলোতেও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। অতীতে এ বিষয়ে নজর না দেওয়া হলেও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে নজর দিতে হচ্ছে বলে জানান মুহিত।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব, জাতীয় জাদুঘর ও জাতীয় গণগ্রন্থাগারে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শিল্পকলা একাডেমিতে দ্বিবার্ষিক এশীয় চিত্রকলা উৎসব, আন্তর্জাতিক নাট্যোৎসব, বগুড়ায় অনুষ্ঠেয় সার্ক সাংস্কৃতিক উৎসবের উদাহরণ দেন অর্থমন্ত্রী।
বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজ্জামেল হক খান, আইজিপি এ কে এম শহীদুল হক, সেনাবাহিনীর স্টাফ অফিসার লে. জেনারেল মোহাম্মদ সাব্বির, অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।