জাতীয় ঈদগাহ প্রস্তুতির কাজ প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ছবি: বাসস
আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ছবি: বাসস

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের নামাজ আদায়ের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।

গতকাল শনিবার পর্যন্ত ঈদগাহ প্রস্তুতির কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ শফিউল্লাহ জানিয়েছেন, ঈদগাহ পুরোপুরি প্রস্তুতের লক্ষ্যে নিয়ে ডিএসসিসি কাজ করে যাচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ রোববার সকালে ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করেন।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঈদগাহে এবার ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও পাঁচ থেকে ছয় হাজার নারী মুসল্লির জন্য আলাদাভাবে পর্দা দিয়ে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা থাকছে। তাঁদের জন্য আলাদা প্রবেশ পথেরও ব্যবস্থা থাকছে।

ঈদগাহের প্যান্ডেল তৈরি, শামিয়ানা ও বৃষ্টি নিরোধক ত্রিপল টাঙানো এবং ঈদগাহ ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজটি করে ডিএসসিসি। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে মাটি সমান এবং গাছে রং করার কাজ করা হচ্ছে।

১০ রমজান থেকে ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ শুরু হয়। ইতিমধ্যে বাঁশ দিয়ে অস্থায়ী অবকাঠামো নির্মাণ, শামিয়ানা টাঙানো, ত্রিপল টাঙানো ও অন্যান্য সাজসজ্জার কাজ শেষ হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিদেশি কূটনৈতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরে লাখো মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।