জাতীয় ঈদগাহ মাঠ প্রায় প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
জাতীয় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে আটটায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে ঈদের জামাত হবে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

এই ঈদগাহ মাঠে এবার প্রায় ৯০ হাজার মুসল্লি (পুরুষ ৮৪ হাজার এবং নারী ৫ হাজার) জামাতে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঈদের জামাতে অংশ নেবেন।

তবে ৯০ হাজার মুসল্লির জন্য মাত্র একটি ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করেছে ঈদগাহ মাঠের ব্যবস্থাপনায় নিয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১৪০টি অজুখানার ব্যবস্থা করেছে ঢাকা ওয়াসা ও গণপূর্ত মন্ত্রণালয়। ডিএসসিসির একাধিক কর্মকর্তার অভিযোগ, টয়লেট ও অজুর ব্যবস্থা কম থাকায় ঈদগাহে নামাজে আসা মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হতে পারে। গত ঈদুল ফিতরেও এ নিয়ে ভোগান্তি হয়েছিল। তাই টয়লেটের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়ানো দরকার।

জানতে চাইলে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রয়োজন অনুযায়ী টয়লেট ও অজুর ব্যবস্থা করা হয়েছে। এবার তা বাড়ানোর তেমন পরিকল্পনা নেই।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জাতীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল তৈরির মূল কাজ প্রায় শেষ। ঈদ বর্ষার মধ্যে হওয়ায় বৃষ্টিনিরোধক ত্রিপল লাগানো হচ্ছে শামিয়ানার ওপরে। প্যান্ডেলের খুঁটিগুলোতে কাপড় ও শামিয়ানার সঙ্গে বৈদ্যুতিক পাখা এবং বাতি লাগানোর কাজ চলছে। পূর্ব পাশে অজুর স্থানসহ চারপাশ পরিষ্কার করতে কাজ করছেন শ্রমিকেরা। প্রধান ফটকে নিরাপত্তা সরঞ্জাম (ক্লোজ সার্কিট ক্যামেরা) স্থাপন করা হচ্ছে।

ঈদগাহ মাঠের ব্যবস্থাপনা নিয়ে গতকাল সকালে ডিএসসিসির নগর ভবনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ডিএসসিসি, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তার দিকটি দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে গতকাল জাতীয় ঈদগাহের প্রধান ফটকের ভেতর অবস্থান নিতে দেখা গেছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে প্রধান জামাতে প্রায় ৮৯ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এর মধ্যে ৫ হাজার নারীর নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হবে। মাঠের ২ লাখ ৭০ হাজার ২৭৭ বর্গফুট এলাকা বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে। ৭০০ সিলিং ও ১০০টি পেডেস্টাল ফ্যান লাগানো হবে।

মাঠের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারো সরদার এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের কর্মচারী বিল্লাল হোসেন বলেন, ২০ দিন আগে থেকে ঈদগাহ মাঠে প্রায় ২০০ জন শ্রমিক কাজ করছেন। ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। নামাজ আদায়ের জন্য মূল প্যান্ডেলের ভেতরে জায়নামাজ বিছানোর কাজ হবে ঈদের আগের রাতে।