জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ মাঠের সব প্রস্তুতি প্রায় শেষ। মাঠজুড়ে তৈরি বিশাল প্যান্ডেল ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।ঈদের দিন সকাল সাড়ে আটটায় এখানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহের মাঠে গিয়ে দেখা যায়, প্যান্ডেল তৈরি শেষ। ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে ঈদগাহের এই প্রস্তুতিতে এখন অন্যান্য ছোটখাটো কাজ চলছে।মাঠে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের একজন ঢাকা সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, এবার বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে প্রায় দুই লাখ ৬০ হাজার বর্গফুট এলাকাজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে এক লাখ ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারবে। পাঁচ হাজার নারীর জন্য আলাদাভাবে নামাজের জায়গার ব্যবস্থা করা হয়েছে। অজুর জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা থাকছে। ভিআইপি ব্যক্তিদের জন্য ভ্রাম্যমাণসহ টয়লেটের ব্যবস্থা গতবারের মতোই থাকছে।নিরাপত্তাব্যবস্থার জন্য প্রবেশপথের সামনে পুলিশ ও র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) দুটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে। দুই বাহিনীর সদস্যরাই সেখানে প্রহরায় নিয়োজিত আছেন।র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে জানান, শুধু ঈদগাহ এলাকাতেই র‌্যাবের প্রায় ৫০০ সদস্য থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সাদা পোশাকে থাকবেন তাঁরা। তিনি বলেন, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দাদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।রমনা অঞ্চলের পুলিশের উপকমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, পুরো এলাকাতেই থাকছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এ ছাড়া পুলিশের পর্যাপ্তসংখ্যক সদস্য নামাজের পাশাপাশি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত থাকবেন।ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রস্তুতি দেখতে গতকাল সোমবার ঈদগাহের মাঠ পরিদর্শন করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গত দুই বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। আশা করছি, আল্লাহর রহমতে এবার বৃষ্টি হবে না। হলেও কোনো সমস্যা হবে না।’জাতীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও ঈদের নামাজ আদায় করবে। ঢাকা সিটি করপোরেশন জানিয়েছে, বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক ও তাঁদের স্ত্রীদের নামাজ আদায়ের জন্য এখানে আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।