জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে

১৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুরো ঈদগাহ মাঠ ত্রিপল ও নকশি করা শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে গিয়ে দেখা যায়, মাঠে বৈদ্যুতিক পাখা, বাতি ও ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কাজ চলছে। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহ মাঠের প্রধান ফটকে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
মাঠের প্যান্ডেল তৈরির কাজ পেয়েছে চান মিঞা ডেকোরেটর। প্রতিষ্ঠানটির কর্মচারী আবদুর রাজ্জাক জানান, পুরো প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদগাহের প্রস্তুতি প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার মুসল্লিদের জন্য বিছানা বিছানো হবে।
ঢাকা সিটি করপোরেশন জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের আয়োজন করে থাকে। প্রায় এক মাস ধরে ঈদগাহ মাঠের পরিচর্যা ও বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু করা হয়। বালি ফেলে ইতিমধ্যেই মাঠের খানাখন্দ সমান করা হয়েছে। পুরুষদের পাশাপাশি আলাদা ব্যবস্থাপনায় নারীদের জন্যও ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়।
এতে একসঙ্গে প্রায় ৮০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার।
জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, সরকারের পদস্থ কর্মকর্তারাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, এবার জাতীয় ঈদগাহ মাঠ, মাঠের বিভিন্ন ফটক, গাড়ি পার্কিং এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে ৪৮টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে।