জাতীয় উদ্ভিদ উদ্যানে দিনব্যাপী পাখিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখি মেলায় পাখি দেখছেন এক দর্শক l প্রথম আলো
পাখি মেলায় পাখি দেখছেন এক দর্শক l প্রথম আলো

দেশি নীলরবিন, বড় কানচড়া, ছোট র্যা কেটফিঙে, লালঘাড় প্যাঙ্গা, বনখঞ্জনসহ নানা প্রজাতির পাখি আছে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে। এসব বিরল প্রজাতির পাখির কথা কি জানা আছে রাজধানীবাসীর? অন্তত ১৭০ প্রজাতির পাখির কথা মনে করিয়ে দিতেই আয়োজন করা হয়েছিল পাখিমেলা।
গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ছিল পাখিমেলা। সকালে একটি শোভাযাত্রা উদ্যানের প্রবেশমুখ থেকে বিভিন্ন স্থান ঘুরে এসে শুরু হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী।
বক্তব্য দেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক অসিত রঞ্জন পাল এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার। বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করে মেলা উদ্বোধন করেন তাঁরা।
শুধু পাখির ছবি দেখেই তৃপ্ত হননি মেলায় আগত দর্শনার্থীরা। চাহিদা ছিল জীবন্ত পাখি দেখার। তাঁদের জন্য উদ্যানের ভেতরে পাখি দেখতে রাখা হয় টেলিস্কোপ। বিকেল চারটা পর্যন্ত দর্শনার্থীরা পাখির আলোকচিত্র ও ভিডিওর পাশাপাশি নেড়েচেড়ে দেখেন পাখিবিষয়ক নানা বই ও ম্যাগাজিন।
এ ছাড়া বিকেল থেকে মেলার মঞ্চে পাখি ও প্রকৃতিবিষয়ক লোকগান গেয়ে শোনান একদল বাউল। যৌথভাবে এ মেলার আয়োজন করেছিল বন বিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব।