জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান গণফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান সংকট সমাধানের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ওই নেতারা এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশ আবারও গভীর রাজনৈতিক সংকটে পতিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসন উপেক্ষা করে অব্যাহত নেতিবাচক ও সাংঘর্ষিক রাজনৈতিক কর্মকাণ্ড এ পরিস্থিতির জন্য দায়ী। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোন আলাপ জাতিকে হতাশ করেছে। চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার অনড় ও অসহিষ্ণু মনোভাব দেশকে গভীর বিপর্যয়ের মুখে ঠিলে দিয়েছে।

১৫ নভেম্বর হেফাজতের সমাবেশ হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করছে না হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ কর্মসূচি পিছিয়ে ২৩ নভেম্বর করা হতে পারে বলে সংগঠনের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৫ নভেম্বর পবিত্র আশুরা। একই দিন রাজধানীর উপকণ্ঠ টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক সভা বা জোড় ইজতেমার জন্য মহাসমাবেশ কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজকালের মধ্যে পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে।
সরকারের প্রস্তাবিত ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’ ও পুরোনো ১৩ দফা বাস্তবায়নসহ আরও কিছু দাবিতে হেফাজত রাজধানীর মতিঝিলে ১৫ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দেয়।