জাতীয় ঐক্য নিয়ে ঢাকায় কনভেনশন ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঐক্যের ডাক নিয়ে আগামী ১৫ মার্চ ঢাকায় জাতীয় সম্মেলন (কনভেনশন) করবে বিকল্পধারা বাংলাদেশ ও গণফোরাম। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দল দুটির যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান। তিনি বলেন, জাতীয় সম্মেলনের আগে ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী সভা, সমাবেশ, জনসভা, মতবিনিময়ের মতো কর্মসূচি পালন করবেন তাঁরা। দল দুটির যৌথ কর্মসূচির মধ্যে রয়েছে: ১৩ ডিসেম্বর সিলেটে, ২ জানুয়ারি রাজশাহী, ২৫ জানুয়ারি খুলনা, ১০ ফেব্রুয়ারি বরিশাল ও ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে জনসভা। ৮ জানুয়ারি পেশাজীবীদের সঙ্গে ঢাকা মহানগর নাট্যমঞ্চে মতবিনিময় করবেন দুই দলের নেতারা। এ ছাড়া তাঁরা শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন করবেন। আবদুল মান্নান বলেন, তাঁদের ঐক্যে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আসতে পারবে না। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের কোনো পক্ষের সঙ্গেও তাঁরা যোগ দেবেন না। তিনি বলেন, হরতাল বা অবরোধের মতো কোনো কর্মসূচিতে বিকল্পধারা ও গণফোরাম সমর্থন দেয় না, দেবেও না। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন বলেন, দেশের সার্বিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় তাঁদের কর্মসূচিতে সামান্য হেরফের হতে পারে।