জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে নিরাপত্তা বাড়ানো হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যেসব জাতীয় ও আন্তর্জাতিক উৎসব হয়, সেগুলোর উৎসবস্থলে (ভেন্যু) নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংস্কৃতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশে বিভিন্ন উৎসব হয়। ভবিষ্যতে যেসব উৎসব বা মেলা হবে, সেগুলোতে দেশি-বিদেশি অনেকেই অংশ নেবেন। অতীতে তাঁদের নিরাপত্তা বিষয়ে তেমন নজর না দেওয়া হলেও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বেশি নজর দিতে হচ্ছে। সে কারণেই উৎসবস্থল এবং এগুলোতে অংশ নিতে বিদেশি অতিথিরা যেসব জায়গায় অবস্থান করবেন, সেগুলোতেও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই উৎসবগুলো নির্ঝঞ্ঝাটে হোক।’
অর্থমন্ত্রী বলেন, ‘এখন আমাদের দেশে রাত জেগে শাস্ত্রীয় সংগীত শোনার আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার দরকার, আবার সমন্বয়েরও দরকার। এ জন্যই বৈঠক।’
এ বছর দেশে ‘বোট রাইড’ নামে নতুন একটি ইভেন্ট হতে যাচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঢাকা থেকে বরিশাল হয়ে চট্টগ্রাম পর্যন্ত নৌকাবাইচ হবে। নৌকার মধ্যেই অনুষ্ঠান হবে। এ ছাড়া আগামী বছর সার্ক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
বড় উৎসব করার জন্য দেশে ভালো কোনো জায়গা বা হল নেই বলে হতাশা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি প্রস্তাব দেন শেরেবাংলা নগরে যেখানে বাণিজ্য মেলা হয়, সেই জায়গাটিতে বড় কোনো উৎসব হতে পারে।
অর্থমন্ত্রী এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রীকে পরিকল্পনা দিতে বলেন।