জাতীয় কন্যাশিশু দিবসে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা গেটসংলগ্ন মেইন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বকুলতলী মহিলা সংসদের সমন্বয়কারী ফজলুল হক। মানববন্ধনে নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে গতকাল সকালে কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম মেহেদী হাসান। বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার। সমাবেশ শেষে শিশুকন্যার বিয়ে বন্ধের দাবিতে সেখানে মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
ঠাকুরগাঁও : দিবসটি উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তায় মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোর্শেদ আলী খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নেহার, জাতীয় মহিলা সংস্থার ঠাকুরগাঁও জেলার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বদরগঞ্জ (রংপুর): দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন হয়। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে চলা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ওয়াহিদা আরজু, বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের এলাকা ব্যবস্থাপক শিল্পী শিকদার প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): গতকাল সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন করে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহাবুবুল ইসলাম। বক্তারা কন্যাশিশুর নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী সভাপতিত্ব করেন। পরে উপজেলা চত্বরে মানববন্ধন হয়।