জাতীয় কবিতা উত্সব শুরু হচ্ছে আজ
মহান ভাষা আন্দোলনের মাসের প্রথম দিনে আজ সোমবার ঢাকায় শুরু হচ্ছে ২৪তম জাতীয় কবিতা উত্সব। এবারের উত্সবের স্লোগান—‘নতুন কবিতা নতুন সময়’। দুই দিনব্যাপী এ উত্সব সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।জানা গেছে, সম্মেলনে দেশ-বিদেশের চার শতাধিক কবি অংশ নেবেন। প্রবাসী বাঙালি কবিরাও এতে যোগ দিচ্ছেন। উত্সবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কুয়েত ও ভারত থেকে প্রায় ৩০ জন আমন্ত্রিত কবি অংশ নিচ্ছেন। ভারত থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, অমিতাভ চৌধুরী, রাতুল দেব বর্মণ, দীপ মুখোপাধ্যায়, তাপস রায়, বীথি বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, সন্তোষ রায়, অমৃত মাইতি, সত্যজিত্ মণ্ডল, মোহর চট্টোপাধ্যায়, সাথী চট্টোপাধ্যায় প্রমুখ যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।আজ সকাল ১০টায় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উত্সবের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। পরে অনুষ্ঠিত হবে কবিদের শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার প্রাঙ্গণে উত্সব-মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান ও উত্সব সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান উদ্বোধন করা হবে। শোক প্রস্তাব পেশ, ঘোষণাপত্র উপস্থাপন এবং নেতাদের ভাষণের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। বেলা তিনটায় কবিদের স্বকণ্ঠে কবিতাপাঠের আসরে সভাপতিত্ব করবেন কবি মুহম্মদ সামাদ, ছয়টায় কবিতাপাঠের আসরে কবি রবিউল হুসাইন সভাপতিত্ব করবেন এবং রাত আটটায় আবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংসদ আসাদুজ্জামান নূর। উত্সবে কবিতার পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে কবিতার গান, সেমিনার ও বিগত দিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। পুরস্কার দেওয়া হবে একজন প্রবীণ ও একজন নবীন কবিকে। আজ থেকে পথনাট্যোত্সব শুরু‘নির্মল করো প্রতিক্রিয়া প্রগতিরে করো নিঃশঙ্ক’ স্লোগান সঙ্গে নিয়ে আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুরু হচ্ছে সাত দিনের পথনাট্য উত্সব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এ উত্সব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেলে উত্সবের উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উত্সবে সারা দেশ থেকে পথনাটক পরিষদভুক্ত প্রায় ৩৫টি দল অংশ নেবে। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নাটক মঞ্চস্থ হবে। সাত-আটটি নাটকের দল প্রতিদিন নাটক করবে।